আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সিকিমের আকাশসীমায় চীনের একটি সামরিক উড়োজাহাজ প্রবেশ করে প্রায় ২০ থেকে ২৫ মিনিট অবস্থান করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
এ সময় ভারতীয় বিমানবাহিনী উড়োজাহাজটিকে বারবার সতর্ক করে নিজ ভূখণ্ডে ফিরে যাওয়ার আহ্বান জানায়। তবে সতর্কবার্তার পরও সেটি কিছু সময় ওই এলাকায় অবস্থান করছিল বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ১২ নভেম্বর সকাল আটটার দিকে ভারতীয় বিমানবাহিনী চীনা উড়োজাহাজটির গতিবিধি শনাক্ত করে।
সূত্রটি জানায়, উড়োজাহাজটি প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় শনাক্ত হয়েছিল। ভারতীয় বিমানবাহিনী একাধিকবার সতর্কবার্তা পাঠালেও সেটি প্রায় ২০ থেকে ২৫ মিনিট ওই এলাকায় অবস্থান করে। তবে উড়োজাহাজটির ধরন, সুনির্দিষ্ট উড্ডয়নপথ এবং কখন সেটি ভারতের আকাশসীমা ছেড়ে যায়, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে আউটলুক। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে উদ্বেগের অন্যতম কারণ, সিকিমের কাছেই ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর। পশ্চিমবঙ্গে অবস্থিত সরু এই স্থলপথের সবচেয়ে সংকীর্ণ অংশের প্রস্থ প্রায় ২০ থেকে ২২ কিলোমিটার। ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে দেশটির বাকি অংশের সঙ্গে যুক্ত করেছে এই করিডর। ‘চিকেনস নেক’ নামে পরিচিত এই অঞ্চল চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশের কাছাকাছি হওয়ায় এখানে যেকোনো অস্বাভাবিক সামরিক তৎপরতা নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
সিকিমের সঙ্গে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্ত রয়েছে। এ ছাড়া ২০১৭ সালে ভারত ও চীনের সেনাদের মধ্যে অচলাবস্থা তৈরি হওয়া ডোকলাম মালভূমিও সিকিমের কাছাকাছি।
ভারত-চীন সীমান্তে চীনা সামরিক উড়োজাহাজের গতিবিধি নিয়ে এর আগেও উদ্বেগ তৈরি হয়েছে। ২০২২ সালের জুনে পূর্ব লাদাখে ভারতীয় সেনাদের অবস্থানের কাছাকাছি চীনের একটি সামরিক উড়োজাহাজ উড়েছিল। ভারতীয় সেনারা ও রাডারব্যবস্থা সেটির গতিবিধি শনাক্ত করার পর বিমানবাহিনী প্রয়োজনীয় প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করে। পরে সামরিক পর্যায়ের প্রচলিত যোগাযোগব্যবস্থার মাধ্যমে চীনের কাছে বিষয়টি উত্থাপন করে ভারত।
২০২০ সালে পূর্ব লাদাখে দুই দেশের মধ্যে উত্তেজনার সময়ও নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি চীনা সামরিক হেলিকপ্টার উড়তে দেখা যায়। ওই সময় ভারতীয় বিমানবাহিনী এলাকায় যুদ্ধবিমান টহল দেয়। তবে চীনা হেলিকপ্টারগুলো ভারতের আকাশসীমা অতিক্রম করেনি বলে কর্মকর্তারা জানিয়েছিলেন।
এ ছাড়া ২০১৭ সালের ১১ অক্টোবর উত্তরাখন্ডের বারাহোতি এলাকায় চীনের দুটি হেলিকপ্টার ভারতের আকাশসীমায় প্রবেশ করেছিল বলে অভিযোগ ওঠে। একই বছরের জুনে উত্তরাখন্ডের চামোলি জেলায় চীনা সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার প্রায় পাঁচ মিনিট অবস্থান করে ফিরে যায়। এর তিন মাস পরই ডোকলামকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
সূত্র: আউটলুক



