ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিভোটের দিন সকাল থেকে কেন্দ্র পাহারা দিতে হবে

ভোটের দিন সকাল থেকে কেন্দ্র পাহারা দিতে হবে

‘জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগেই ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠন করতে হবে বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ভোটের দিন সকাল থেকে কেন্দ্র পাহারা দিতে হবে। কষ্ট করে আদায় করা ভোট কাউকে নিতে দেওয়া হবে না।’

গতকাল শুক্রবার খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপজেলা জামায়াত আয়োজিত এই জমায়েতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম।

গোলাম পরওয়ার বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরও মাঠ দখল, বাজার-ঘাটের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি আগের ধারার মতোই চলছে। তবে এসব কর্মকাণ্ডের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই দাবি করে তিনি বলেন, জনগণ এখন পরিবর্তন চায়। পুরোনো রাজনৈতিক ধারা, দুর্নীতি ও দখলদারিত্ব থেকে মুক্ত হয়ে একটি ন্যায়পরায়ণ রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে।

জামায়াত আমির ড. শফিকুর রহমানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াতের এমপি-মন্ত্রীরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি, প্লট বা বিশেষ সুবিধা নেবে না– এ প্রতিশ্রুতি অন্যান্য দলের নেতারা দিতে পারবেন না। উন্নয়ন খাতের বরাদ্দ জনগণের সামনে প্রকাশ করে জবাবদিহিমূলক ব্যবস্থা গঠন করবে জামায়াত।

জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, ডিসি, এসপি, ইউএনওসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, দিনের ভোট রাতে হলে তার পরিণতি কী হয়, দেশ তার মূল্য দিয়েছে। এবার কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে দায় এড়াতে পারবেন না।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, একটি দলের অন্তর্কলহে ইতোমধ্যে দুই শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন। সুতরাং যে দল নিজের দলের নেতাকর্মীদের নিরাপত্তা দিতে পারে না, সেই দলের কাছে দেশ নিরাপদ নয়। আগামীর বিপ্লব হবে ইনসাফের বিপ্লব। এ জন্য তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমির মোক্তার হুসাইনের সভাপতিত্বে জমায়েতে আরও বক্তব্য দেন উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী, রাকসুর হবিবুর রহমান হল সংসদের ভিপি আহমদ আহসান উল্লাহ ফারহান, জাকসুর কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তালহা, মালয়েশিয়াপ্রবাসী আবু হানিফ আকুঞ্জি ও জামায়াতের জেলা আমির এমরান হুসাইন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular