ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলারামুতে হচ্ছে দেশের প্রথম ফিফা সার্টিফাইড টেকনিক্যাল সেন্টার

রামুতে হচ্ছে দেশের প্রথম ফিফা সার্টিফাইড টেকনিক্যাল সেন্টার

ক্রীড়া ডেস্ক: দেশের ফুটবল উন্নয়নে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটিয়ে কক্সবাজারের রামুতে নির্মিত হতে যাচ্ছে প্রথম ‘ফিফা সার্টিফাইড টেকনিক্যাল সেন্টার’। আন্তর্জাতিক মানের এই আধুনিক ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে আনুষ্ঠানিকভাবে ১৫ দশমিক ২০ একর জমি হস্তান্তর করেছে জেলা প্রশাসন।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জমি হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বাফুফের পক্ষে জমি রেজিস্ট্রেশনসংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সরকারের পক্ষে স্বাক্ষর করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। পরে প্রয়োজনীয় দলিলপত্র বাফুফে সভাপতির হাতে তুলে দেন জেলা প্রশাসক।

অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিংয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রামু উপজেলায় বাফুফে টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য ১৫ দশমিক ২০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে কক্সবাজার জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে জমিটি বাফুফের কাছে হস্তান্তর করেছে।

তিনি বলেন, রামুতে আন্তর্জাতিক মানের ফুটবল টেকনিক্যাল সেন্টার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান ফুটবলাররা এখানে আধুনিক ও পরিকল্পিত প্রশিক্ষণের সুযোগ পাবেন।

তাবিথ আউয়াল আরও বলেন, এই টেকনিক্যাল সেন্টার ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে দেশের তরুণ ও প্রতিভাবান ফুটবলার তৈরিতেও কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জমি হস্তান্তর অনুষ্ঠানে কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এটি বাংলাদেশের ফুটবলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, যা দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার সূচনা করবে। আশা করা হচ্ছে, এই কেন্দ্রের মাধ্যমে ফুটবলের প্রতি আগ্রহী তরুণরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন এবং দেশের ফুটবলকে আন্তর্জাতিক মানে তুলে ধরতে সক্ষম হবেন।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular