অপরাধ ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় তিন কোটি টাকার স্বর্ণের চালান জব্দ করেছে এনএসআই, ডিজিএফআই এবং কাস্টমস ইন্টেলিজেন্স।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল খবরের কাগজকে এ বিষয়টি নিশ্চিত করেন।
আটক যাত্রীর নাম মোহাম্মদ তুষার। তিনি কুমিল্লা সদরের দীঘলগাঁও এলাকার বাসিন্দা।
জানা যায়, সোমবার সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৮ এর যাত্রী মোহাম্মদ তুষারের আন্ডারওয়্যার এর ভেতর থেকে বিশেষ কায়দায় রাখা পাউডার আকারে প্রায় ১ হাজার ৫০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৬ লাখ টাকা।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, জব্দ স্বর্ণের চালান বিমানবন্দর কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়েছে। স্বর্ণ পরিবহনে জড়িত ও আটক যাত্রীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়াও চলমান।




