নিউজ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমের বিরুদ্ধে অভিযোগ তুলে তা প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনেন।
তিনি বলেন, ‘একাধিকবার অনুরোধ করার পরও অসুস্থ ছেলের চিকিৎসার বিষয়ে সারজিস আলমের কাছ থেকে কোনো কার্যকর সহযোগিতা পাইনি।’
গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে জাহিদের মা ফাতেমা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ ফ্যাসিস্টের দোসরদের গুলিতে নিহত হন।
সেই শোক কাটিয়ে ওঠার আগেই ১৪ দিনের মাথায় তার ১৩ বছর বয়সী ছোট ছেলে জিসানের তৃতীয় স্তরের ক্যানসার ধরা পড়ে। পরে ২০২৫ সালের ১৮ মার্চ ক্যানসারে আক্রান্ত হয়ে তার স্বামী মারা যান।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘সারজিসের সঙ্গে আমার চারবার দেখা হয়েছে। সারজিস আমার বাসায়ও গিয়েছিল।
তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টার কাছে তিনবার গিয়েছিলাম। কিন্তু সেখান থেকেও কোনো সহায়তা পাইনি।’ তার ভাষায়, ‘আমার সন্তান চিকিৎসা পায়নি, কারণ সে একজন শহিদের ভাই।’




