ঢাকা  শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাসিসিইউতে ঋতুপর্ণা–মনিকাদের প্রথম কোচ শান্তিমনি চাকমা

সিসিইউতে ঋতুপর্ণা–মনিকাদের প্রথম কোচ শান্তিমনি চাকমা

নিউজ ডেস্ক: সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও রুপনা চাকমাদের প্রথম কোচ শান্তিমনি চাকমা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাঙামাটির ঘাগড়া কলেজ মাঠে নারী ফুটবলারদের অনুশীলন করাতে যান শান্তিমনি চাকমা। মাঠের পাশে একটি দোকানে বসে প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হয়। পরে তাকে প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।

শান্তিমনি চাকমার বড় ভাই শশী চাকমা জানান, রাঙামাটি জেনারেল হাসপাতালে ইসিজি পরীক্ষার পর চিকিৎসকেরা তার হৃদ্‌যন্ত্রে জটিলতা শনাক্ত করেন। এরপর বুধবার রাতেই তাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে শশী চাকমা জানান, শান্তিমনি চাকমার হৃদ্‌যন্ত্রের দুটি রক্তনালিতে রক্ত জমাট বেঁধেছিল। জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে রক্তনালি দুটি সচল করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দীর্ঘদিন ধরে রাঙামাটির ঘাগড়া এলাকায় নারী ফুটবল বিকাশে কাজ করে আসছেন শান্তিমনি চাকমা। ঘাগড়া উচ্চবিদ্যালয়ের নারী ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, রুপনা চাকমাসহ পার্বত্য অঞ্চলের বেশ কয়েকজন নারী ফুটবলারের হাতেখড়ি হয়েছে তার কাছেই।-

এদিকে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দ্রুত সুস্থতা কামনা করছেন। কাউখালী উপজেলার মঘাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর সেন চাকমাও এক ফেসবুক পোস্টে জানান, ‘শান্তিমনির পারিবারিক আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। আজ তাঁর এই দুর্দিনে সব ক্রীড়ামোদী ও হিতাকাঙ্ক্ষীর নিকট সার্বিক সহযোগিতা এবং প্রার্থনার জন্য দুই হাত জোড় করে অনুরোধ করছি।’ 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular