আন্তর্জাতিক ডেস্ক : গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে মোট নিহত প্রায় ৪৪ হাজার ও আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।
এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
অঞ্চলটিতে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৯৮৫ জনে পৌঁছেছে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।
সংবাদমাধ্যমটি বলছে, উত্তর গাজার বেইত লাহিয়া ও গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ায় ইসরায়েলি বাহিনীর দুটি আক্রমণে ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে আল জাজিরা আরবি জানিয়েছে।
বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া আল জাজিরা আরবিকে বলেছেন, অধিকাংশ মৃতদেহই নারী ও শিশুদের।



