ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকিশোরগঞ্জকিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় সাহিত্য সম্মেলন শুরু

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় সাহিত্য সম্মেলন শুরু

কিশোরগঞ্জ প্রতিবেদক: সাহিত্য, চলচ্চিত্র ও উত্তর-ঔপনিবেশিক নগর আধুনিকতা নিয়ে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় সাহিত্য সম্মেলন। বিশ্ববিদ্যালয়টিতে প্রথমবারের মতো আয়োজিত এ সম্মেলনে অংশ নিচ্ছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে Association of Teachers of Literatures in English, Bangladesh (ATLEB)-এর আয়োজনে এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগের যৌথ সহযোগিতায় সম্মেলনের উদ্বোধন করা হয়।

‘Postcolonial Urban Modernity: Representations in Film and Fiction’ শীর্ষক এ সম্মেলনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, সাহিত্য ও চলচ্চিত্র একটি সমাজের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনের নানা দিক তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের জাতীয় সম্মেলন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে। পাশাপাশি গবেষণার নতুন ক্ষেত্র উন্মোচন এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এমন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ে এ ধরনের একাডেমিক ও গবেষণামূলক আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করছি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. রাকিবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক সরওয়ার জাহান এবং গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সিদ্দিক উল্লাহ।

সম্মেলনের প্রথম দিনের অন্যতম আকর্ষণ ছিল কি-নোট সেশন। এতে ‘Some Dhaka Tales…’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন অধ্যাপক কায়সার হামিদুল হক। সেশনটি পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেসের পরিচালক অধ্যাপক ড. মাসউদ আখতার।

প্রথম দিনের কর্মসূচিতে উদ্বোধনী অনুষ্ঠান ও কি-নোট সেশনের পাশাপাশি ছিল প্রার্থনা, আপ্যায়ন বিরতি ও সাংস্কৃতিক আয়োজন। এতে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

দুই দিনব্যাপী এ সম্মেলনের দ্বিতীয় দিনে থাকছে সমান্তরাল একাডেমিক সেশন ও প্যানেল আলোচনা। তিনটি সমান্তরাল সেশনে সাহিত্য ও চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন করা হবে। পাশাপাশি অনুষ্ঠিত হবে প্যানেল আলোচনা। আগামীকাল বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে সম্মেলন।

প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের এ সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হলো। পাশাপাশি সাহিত্য ও চলচ্চিত্র নিয়ে গবেষণা, মতবিনিময় এবং পারস্পরিক জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ তৈরি হয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular