নিউজ ডেস্ক: নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব ড. এম সাখাওয়াত হোসেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর কুতুবদিয়া এ্যাংকরেজ এলাকায় অবস্থানরত এমটি ক্যাপ্টেন নিকোলাস জাহাজ ও বি. এলপিজি সোফিয়া জাহাজে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ব্যবস্হাপনা পরিচালককে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন। এর প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কতৃক নয় (০৯) সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে চট্রগ্রাম বন্দর কতৃপক্ষের সদস্য (হার্বার অ্যান্ড মেরিন) কমোডর এম ফজলার রহমানকে। কমিটিতে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিজিএফআই, এনএসআই, নৌপরিবহন অধিদপ্তরসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা আছেন।
এই কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত কমিটিকে এমটি ক্যাপ্টেন নিকোলাস এবং বি. এলপিজি সোফিয়া জাহাজে অগ্নিকান্ডের কারণ উদঘাটন, এলপিজি পরিবহনে জাহাজ এবং জাহাজ সমূহের নাবিকদের আন্তর্জাতিক মানদন্ড, পরিবাহিত এলপিজি এর পরিবহন ও উপযুক্ততা নিরূপণ, অগ্নিদুর্ঘটনার ফলে সংগঠিত ক্ষয়ক্ষতি ও দায় দায়িত্ব নিরুপন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সুপারিশ প্রণয়ন এবং সংশ্লিষ্ট যেকোনো বিষয় পর্যালোচনাপূর্বক প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
উল্লেখ্য, তানজানিয়া এর পতাকাবাহী এমটি ক্যাপ্টেন নিকোলাস গত ৭ অক্টোবর তারিখে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কুতুবদিয়া এ্যাংকরেজ এলাকায় এলপিজি গ্যাস খালাসকরনের জন্য আগমন করে। পরবর্তীতে বি. এলপিজি সোফিয়া জাহাজ এম টি ক্যাপ্টেন নিকেলাস জাহাজ হতে এলপিজি লাইটিং কার্যক্রম শুরু করে।
লাইটারিং চলাকালে গতকাল রাত আনুমানিক ১২.৫৫ ঘটিকায় এম টি ক্যাপ্টেন নিকোলাস জাহাজ হতে বি. এলপিজি সোফিয়া জাহাজে এলপিজি গ্যাস খালাসকালীন সময়ে ক্যাপ্টেন নিকলোস জাহাজের ডেকে আগুন লেগে যায়। পরবর্তীতে বিএলপিজি সোফিয়া জাহাজেও আগুন ছড়িয়ে যায় এবং বড় অগ্নিকাণ্ড সৃষ্টি করে।
আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বি. এলপিজি সোফিয়া জাহাজের সকল নাবিক পানিতে ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে টাগ তুফান এক্সপ্রেস ৩১ জন নাবিককে জীবিত উদ্ধার করতে সমর্থ হয়। নৌপরিবহন উপদেষ্টা সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনা জানার সাথে সাথে নাবিকদের উদ্ধার ও আগুন নেভানোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন এবং সার্বক্ষণিক দূর্ঘটনা পরবর্তী কার্যক্রম মনিটর করছেন।
তিনি উক্ত ঘটনাসহ সাম্প্রতিক সময়ে জাহাজে অগ্নিকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন একইসাথে কতৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনপূর্বক জাহাজ সমূহের বাড়তি নিরাপত্তা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন।



