ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকুমিল্লায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কুমিল্লায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস থানার আয়োজনে সমাজ থেকে মাদক নির্মূল এবং তরুণ প্রজন্মকে রক্ষা করার প্রত্যয়ে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বিকেলে তিতাস উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়।

র‍্যালিটি হোমনা-গৌরিপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে কড়িকান্দি বাজারে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

তাঁর দিকনির্দেশনা ও সার্বিক উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সচেতন নাগরিক সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এ সময় শিক্ষার্থীদের হাতে “মাদক মুক্ত সুস্থ জাতি চাই”, “মাদক মুক্ত সমাজ চাই, সুস্থ ভবিষ্যৎ পাই” এবং “সুস্থ দেহ সুন্দর মন, মাদকমুক্ত জীবন” সংবলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন শোভা পায়।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিরুল হকের সভাপতিত্বে র‍্যালির পূর্বে সচেতনতামূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, সাধারন সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা, সহ-সভাপতি কাজী কবির সেন্টু এবং সাংগঠনিক সম্পাদক মানিক মুন্সি। এ ছাড়াও উপজেলা ছাত্রদলের সভাপতি ফাহিম সরকার ও সেক্রেটারি আল-আমিন হক বাবুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ও জিরো টলারেন্স নীতি গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে সামাজিক আন্দোলনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা ও কঠোর নজরদারি অব্যাহত রাখতে হবে।

সভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সমাজ থেকে নির্মূলে এলাকার সর্বস্তরের জনগণকে পুলিশ ও প্রশাসনের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular