চবি প্রতিনিধি: চাঁদা দাবি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। হামালার ঘটনার পর প্রক্টরিয়াল বডির কোনো সদস্য উপস্থিত না হওয়ায় ক্ষোভে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনার খবর ছড়িয়ে পড়লে সকাল ১১টার দিকে প্রধান ফটকে তালা দেন শিক্ষার্থীরা। হামলাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত তালা খোলা হবে না বলে জানিয়েছেন তারা।
আহত শিক্ষার্থীরা হলেন – বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতিকুল ইসলাম ও জুবায়ের আহমেদ জিহান। বর্তমানে জুবায়ের জিহান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরেস্ট্রি বিভাগের কয়েকজন শিক্ষার্থী স্টেশনের পাশে একটি খাবারের দোকান ভাড়া নিয়েছিলেন। কয়েকদিন আগে স্থানীয়রা তাদের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে, না দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। শিক্ষার্থীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর জেরে শুক্রবার সকালে স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়, এতে দু’জন আহত হন।
আহত আতিকুল ইসলাম বলেন, ‘ আমাদের কাছে কয়েকদিন আগে চাঁদা দাবি করা হয়, আমরা দিতে অস্বীকার করি। এর জের ধরে আজ সকালে হামলা করা হয়। পুলিশ থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি প্রক্টরিয়াল বডির সদস্যরাও আসেনি। ‘
ঘটনার প্রত্যক্ষদর্শী আশিক নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘ হামলা চলাকালীন সময় আমি সহকারী প্রক্টর কানন স্যারকে বিষয়টি জানাই। তিনি দেখবেন বলেছিলেন, কিন্তু পরে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ব্যবস্থা দূরের কথা প্রক্টরিয়াল বডির কেউ আসেননি।”
পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তফা কামাল বলেন, ‘ এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা দিয়েছে। প্রক্টরিয়াল বডির সদস্যরা আসার পর তাদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে। ‘
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘ আজ সকালে ঘটনাটি ঘটেছে। আমরা ঘটনা সম্পর্কে অবগত হয়েছি এবং বিষয়টি আলোচনা করে সমাধানের চেষ্টা করছি। ‘



