নিউজ ডেস্ক: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে (বাপাউবো) ‘বাংলাদেশ পানি উন্নয়ন অধিদপ্তর’ করার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি অন্য উন্নয়ন সংস্থার মতো প্রতিষ্ঠানটিকে আরও গতিশীল ও কার্যকর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অধিদপ্তরে রূপান্তরিত হলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে এই প্রতিষ্ঠানে দক্ষ কর্মকর্তা নিয়োগ করা সম্ভব হবে। আর এভাবে নিয়োগ করা সম্ভব হলে কর্মকর্তাদের জন্য খাতভিত্তিক নিবিড় প্রশিক্ষণের আয়োজন করা সম্ভব হবে। শুধু তা-ই নয়, এর ফলে দক্ষতাসম্পন্ন কর্মকর্তা ও প্রকৌশলীদের নিয়মিত পদোন্নতির পাশাপাশি সংশ্লিষ্ট জনবলকে প্রতিষ্ঠানে ধরে রাখার সুযোগ আরও বাড়বে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে বাংলাদেশ পানি উন্নয়ন অধিদপ্তরে উন্নীত করার লক্ষ্যে এ-সংক্রান্ত প্রস্তাব প্রাক-নিকার সভায় অনুমোদনের জন্য পাঠিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে আগামীকাল সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই প্রাক-নিকার সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রস্তাবে মন্ত্রণালয় জানিয়েছে, বোর্ডকে অধিদপ্তরে রূপান্তর করা হলে সরকারের অতিরিক্ত আর্থিক দায় তৈরি হবে না।
দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ, সেচব্যবস্থার উন্নয়ন এবং পানি অবকাঠামো নির্মাণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন। এ জন্য বোর্ডকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাব করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে গত বছরের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত প্রাক-নিকার সচিব কমিটির সভায় বাপাউবোকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাবটি পর্যালোচনার জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল। বিশেষ করে প্রতিষ্ঠানের জনবলের দক্ষতার ওপর সম্ভাব্য প্রভাব, প্রায় ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারীর পেনশন বাবদ সরকারের মোট ও বছরভিত্তিক দায় এবং বোর্ডের আর্থিক ও ভৌত সম্পদের পূর্ণাঙ্গ বিবরণ চাওয়া হয়।
এসব বিষয় আরও পরীক্ষা-নিরীক্ষা করে পানিসম্পদ মন্ত্রণালয় নতুন করে প্রস্তাব তৈরি করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে পানি উন্নয়ন বোর্ডে ১৬৯টি ক্যাটাগরিতে ১২ হাজার ৩১টি অনুমোদিত পদ রয়েছে। প্রায় ১৫ হাজার ৭৫ জন কর্মকর্তা-কর্মচারীর পেনশন-সংক্রান্ত দায়ের বিবরণও প্রস্তাবের সঙ্গে যুক্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, বর্তমানে সংস্থাটির বেতন-ভাতা, পরিচালন ও উন্নয়ন ব্যয় সরকারি বরাদ্দ থেকেই নির্বাহ করা হয়। অধিদপ্তরে রূপান্তর করা হলেও এসব ব্যয় নির্বাহে সরকারের অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে না।
এর আগে ২০২৫ সালের ৪ ডিসেম্বর অনুষ্ঠিত প্রাক-নিকার সচিব কমিটির সভায় প্রস্তাবটি আরও পরীক্ষা-নিরীক্ষা করে উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছিল। সে অনুযায়ী জনবলের দক্ষতার ওপর সম্ভাব্য প্রভাব, পেনশন বাবদ সরকারের দায় এবং সংস্থার আর্থিক ও ভৌত সম্পদের বিবরণ উপস্থাপনসহ নতুন করে প্রস্তাব তৈরি করেছে পানি সম্পদ মন্ত্রণালয়।
প্রস্তাবে মন্ত্রণালয় জানিয়েছে, অধিদপ্তরে রূপান্তর হলে কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে আরও নিয়মতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। বর্তমানে প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বাড়ানো, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ আরও সম্প্রসারণের প্রয়োজন রয়েছে। পিএসসির মাধ্যমে নিয়োগের ব্যবস্থা চালু হলে মেধাভিত্তিক জনবল নিয়োগের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে নিয়মিত পদোন্নতির ব্যবস্থা থাকলে দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলীদের চাকরিতে ধরে রাখা সহজ হবে।



