নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন বিএনপি আজ সারা দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তারা সিলেটে শত শত কোটি টাকার সাদা পাথর লুট করে নিয়ে যাচ্ছে। তারা চাঁদাবাজি ও লুটপাটের রাজত্ব কায়েম করতে কেবল যেনতেন নির্বাচন চাচ্ছে। তারা দেশে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা চাপাতে চায়। চাঁদা তুললে পুরস্কার, ধরা পরলে বহিষ্কার ও ভাইরাল হলে গ্রেপ্তার–এই নীতি
নিয়ে চলছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত গণ–সমাবেশে এসব কথা বলেন তিনি।
রাষ্ট্র সংস্কার,গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির নির্বাচনের দাবিতে এই গণ- সমাবেশের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ইসলামী আন্দোলন।
মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, জুলাই অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য হয়নি। আমরা সংস্কার, অপরাধিদের বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সব দল সংসদে যেতে পারবে। কাজেই পিআর পদ্ধতির বিকল্প নাই।
তিনি আরও বলেন, দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি ভোট বাক্স থাকবে। ইসলামের পক্ষের সবাই ওই বাক্সে ভোট দেবে। মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, সত্য কথা বলার কারণে এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি মামলা করেছে। আমি অবাক হয়ে যাই, বিএনপির প্রতি আমার করুণা হয়। যাদের দ্বারা চক্ষুদান, যাদের দ্বারা আজ মুক্ত পরিবেশ পেয়েছ। তাদের বিরুদ্ধে কেস দিয়েছ। আজকে তারেক রহমান বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতে পারত না, যদি সারজিসরা না থাকত। আজকে তোমাদের নেত্রীকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করাতে পারতে না, যদি সারজিসরা না থাকত। তারা না থাকলে আজকে খোলা আকাশের নিচে মুক্ত পরিবেশে রাজনীতি করতে পারতে না।
গণ-সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) জি এম রুহুল আমীন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুর রহমান জার্মানি, ফরিদপুরের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা সদর দ্বীনি সংগঠনের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম ফারুকীসহ জেলা ও উপজেলার নেতারা।



