ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঝুঁকিপূর্ণ ভবনে চলছে স্বাস্থ্যসেবা, অল্পের জন্য রক্ষা পেলেন স্বাস্থ্যকর্মী

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে স্বাস্থ্যসেবা, অল্পের জন্য রক্ষা পেলেন স্বাস্থ্যকর্মী

নাজমুল হোসেন: লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, খসে পড়ছে ছাদের পলেস্তারা। এমন অবস্থার মধ্যেই স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেখানে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মীরা।

বুধবার দুপুরে কেন্দ্রটি পরিদর্শনে গিয়ে ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা দেখতে পান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক নাজমুল হাসান ও সদর উপজেলার মেডিকেল অফিসার (এমসিএইচএফপি)। এ সময় ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তাঁরা।

পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি কেন্দ্রটিতে সেবা দেওয়ার সময় পরিবার কল্যাণ সহকারী রীতা রাণী নাথের মাথার ওপর ছাদের একটি অংশ ভেঙে পড়ে। দ্রুত সরে যাওয়ায় তিনি অল্পের জন্য রক্ষা পান। ভেঙে পড়া অংশটি তাঁর গায়ে না পড়ে পায়ের সামনে পড়ে।

রীতা রাণী নাথ বলেন, “সেবা দিতে গিয়ে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ভবনটি ঝুঁকিপূর্ণ হলেও এলাকার মানুষের কথা চিন্তা করে আমাদের কাজ চালিয়ে যেতে হচ্ছে।”

স্থানীয় বাসিন্দারা বলেন, পার্বতীনগর ইউনিয়নের মানুষের জন্য এই স্বাস্থ্যকেন্দ্রটি গুরুত্বপূর্ণ। আশপাশে সহজে পৌঁছানো যায়—এমন বিকল্প স্বাস্থ্যসেবা কেন্দ্র না থাকায় এখানেই চিকিৎসা ও পরিবার পরিকল্পনাসেবা নিতে আসেন এলাকার মানুষ। তাই ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত সংস্কার বা প্রয়োজন হলে নতুন ভবন নির্মাণের দাবি তাঁদের।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “ভবনের অবস্থা ভালো নয়। কখন কী ঘটে, সেই আতঙ্ক নিয়েই মানুষ এখানে সেবা নিতে আসে। দ্রুত ভবনটি সংস্কার করা দরকার।”

শুধু পার্বতীনগর নয়, লক্ষ্মীপুর সদর উপজেলার আরও কয়েকটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবন নিয়েও একই ধরনের অভিযোগ রয়েছে। এর মধ্যে মান্দারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনটি পার্বতীনগরের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ বলে স্থানীয় বাসিন্দা ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা জানিয়েছেন।

বুধবার পার্বতীনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক নাজমুল হাসান বলেন, ভবনটির বর্তমান অবস্থা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্বাস্থ্যসেবা চালু রাখার পাশাপাশি সেবা প্রদানকারী ও সেবা গ্রহীতাদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

সদর উপজেলার মেডিকেল অফিসারও ভবনটির অবস্থা পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ঝুঁকিপূর্ণ ভবনে আর দীর্ঘদিন স্বাস্থ্যসেবা নয়। দ্রুত ভবনটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণ করে নিরাপদ পরিবেশে চিকিৎসাসেবা নিশ্চিত করা হোক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular