দেড় লাখ টন লবণ আমদানির অনুমতিতে ক্ষুব্ধ উৎপাদকেরা; গত মৌসুমের লোকসান কাটিয়ে ওঠার আশায় চাষিরা, উৎপাদন বাড়ার প্রত্যাশা বিসিকের
মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে শুরু হয়েছে নতুন লবণ মৌসুমের প্রস্তুতি। লবণ উৎপাদনের লক্ষ্যে মাঠে নেমেছেন চাষিরা। কোথাও জমির মাটি সমান করা হচ্ছে, কোথাও মেরামত করা হচ্ছে বাঁধ। আবার কোথাও লবণাক্ত পানি প্রবেশ ও নিষ্কাশনের জন্য তৈরি করা হচ্ছে নালা। উৎপাদন শুরুর আগে মাঠ প্রস্তুত করতে এখন ব্যস্ত সময় পার করছেন তাঁরা।
চাষিরা জানান, ১৫ নভেম্বর থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে চলতি মৌসুমের লবণ উৎপাদন। তবে মৌসুম শুরুর আগেই দেড় লাখ টন অপরিশোধিত লবণ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সম্ভাব্য ঘাটতির আশঙ্কায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সুপারিশে এ অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তবে সরকারের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন লবণচাষিরা। তাঁদের দাবি, দেশে লবণের কোনো ঘাটতি নেই। গত মৌসুমে লোকসানের পর এবার চাষিরা যখন কিছুটা ভালো দাম পেতে শুরু করেছেন, তখন আমদানির অনুমতি দেওয়ায় বাজারে লবণের দাম কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে নতুন মৌসুমে উৎপাদন বাড়ানোর আগ্রহ হারাতে পারেন চাষিরা।
বিসিকের তথ্য অনুযায়ী, ১৫ নভেম্বর থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পাঁচ মাস কক্সবাজারের টেকনাফ, সদর, কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, পেকুয়া ও ঈদগাঁও এবং চট্টগ্রামের বাঁশখালীতে লবণ উৎপাদন হবে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশে পরিশোধিত লবণের মোট চাহিদা ধরা হয়েছে ২১ লাখ টন। এর মধ্যে খাবার লবণের চাহিদা সাড়ে ৭ লাখ টন, শিল্পকারখানায় সাড়ে ৯ লাখ টন, মাছ চাষে ৩৭ হাজার টন এবং প্রাণিসম্পদ খাতে ৩ লাখ ৬ হাজার টন।
বিসিকের কর্মকর্তারা জানান, গত মৌসুমে লবণের উৎপাদন কিছুটা কম হয়েছিল। নতুন মৌসুমের শুরুতেও উৎপাদন কম থাকার আশঙ্কা রয়েছে। গত বছরের অভিজ্ঞতা বিবেচনায় ২০ থেকে ২৫ দিনের সম্ভাব্য ঘাটতির আশঙ্কা থেকেই আমদানির সুপারিশ করা হয়েছে।
মাঠ প্রস্তুত, উৎপাদনের অপেক্ষায় চাষিরা
টেকনাফের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নতুন মৌসুমের জন্য জমি প্রস্তুত করছেন চাষিরা। যেসব চিংড়িঘেরে এত দিন পানি ছিল, সেগুলো শুকিয়ে লবণ তৈরির উপযোগী করা হচ্ছে।
লবণচাষি মোহাম্মদ হাসানসহ কয়েকজন জানান, নভেম্বরের মাঝামাঝি উৎপাদন শুরু হলেও প্রথম দিকে লবণ তেমন উৎপাদিত হয় না। রোদের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে উৎপাদন বাড়ে। ডিসেম্বর থেকে মাঠে লবণের পরিমাণ বাড়তে থাকে।
সাবরাং লবণচাষি কল্যাণ পরিষদ ও ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ শফিক মিয়া বলেন, গত মৌসুমে প্রতি মণ লবণ উৎপাদনে খরচ হয়েছে ৩২০ থেকে ৩৩০ টাকা। মৌসুমের শুরুতে ৪০ থেকে ৮০ টাকা লোকসানেও লবণ বিক্রি করতে হয়েছে। পরে দাম বাড়ায় বর্তমানে প্রতি মণ লবণ ৪০০ থেকে ৪১০ টাকায় বিক্রি হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী স্থানীয় চাষিদের প্রতি কেজি লবণের দাম ১৫ টাকা নির্ধারণের কথা বলছেন। সেটি কার্যকর হলে প্রতি মণ লবণের দাম দাঁড়াবে ৬০০ টাকা। চাষিরা যখন কিছুটা ভালো দাম পাচ্ছেন, তখন আমদানি করা হলে বাজারদর আবার কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে চাষিরা লবণ উৎপাদনে আগ্রহ হারাতে পারেন।
কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, ‘ইন্ডাস্ট্রিয়াল লবণ’ বলে আলাদা কোনো লবণ নেই, লবণ একটাই। কিছুদিনের মধ্যেই দেশে নতুন লবণ উৎপাদনের মৌসুম শুরু হবে। মাঠে ও বিভিন্ন শিল্পকারখানায় পর্যাপ্ত লবণ মজুত রয়েছে। এ অবস্থায় লবণ আমদানি করা হলে চাষিরাই ক্ষতিগ্রস্ত হবেন। লবণ আমদানির এ সিদ্ধান্তের বিরোধিতা করছি।
বিসিক টেকনাফের পরিদর্শক মিজানুর রহমান বলেন, ২০২৫-২৬ লবণ মৌসুমে টেকনাফে ৪ হাজার ৫৫০ একর জমিতে লবণ উৎপাদন হয়েছে। নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করেছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার উৎপাদন তুলনামূলক ভালো হওয়ার আশা রয়েছে। বর্তমানে প্রতি মণ লবণের বাজারদর ৪০০ থেকে ৪১০ টাকা। তবে নতুন মৌসুমের উৎপাদন লক্ষ্যমাত্রার বিষয়ে তিনি ২৫ দশমিক ৩৯ মেট্রিক টনের তথ্য দিয়েছেন।
বাংলাদেশ লবণ মিলমালিক সমিতির সভাপতি নুরুল কবির বলেন, সংগঠন পরিচালনা করতে গেলে বৈষম্য করা যায় না। সম্ভাব্য সংকটের ঝুঁকি এড়াতেই সরকার আমদানির অনুমতি দিয়েছে। তবে এখনো কোনো লবণ আমদানি করা হয়নি।
লবণাক্ত জমিতে ধান চাষও বাড়ছে
এদিকে টেকনাফে লবণাক্ত জমিতে ধান চাষের পরিমাণও বাড়ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষি উপকরণ সহজলভ্য হওয়ায় ধানের ভালো ফলন হয়েছে। লবণাক্ত জমিতেও ধান চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।
তিনি জানান, উপজেলার হোয়াইক্যংয়ে ৫০ হেক্টর, হ্নীলায় ৯০ হেক্টর, টেকনাফ সদরে ১৫ হেক্টর, সাবরাংয়ে ৪৫ হেক্টর ও বাহারছড়ায় ২ হেক্টর জমিতে ধান চাষ হচ্ছে। সব মিলিয়ে ২০২ হেক্টর বা প্রায় ৪৯৯ একর জমিতে চাষাবাদ করা হচ্ছে। এসব জমিতে ব্রি ধান-৩৩, ব্রি ধান-৭৫, ব্রি ধান-৪৯, বিনা-৭, বিন্নি ও পাইজাম জাতের ধান চাষ হয়েছে।
কৃষি কর্মকর্তা আরও বলেন, স্বল্পমেয়াদি এসব ধানের ভালো ফলন হয়েছে। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রতি কানিতে প্রায় ১০০ আড়ি বা তার বেশি ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। খাদ্য উৎপাদন বাড়াতে লবণ মৌসুমের পাশাপাশি ধানের মৌসুমে উপজেলার পতিত ও লবণাক্ত জমি চাষাবাদের আওতায় আনা প্রয়োজন।



