নিউজ ডেস্ক: দক্ষিণ-পূর্ব এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় আকভান-এ পরিণত হয়েছে বলে সোমবার জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। এটি ১৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে এবং ১৯ নভেম্বর সন্ধ্যার মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
সোমবার (১৬ নভেম্বর) ভারতীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে ঘূর্ণিঝড়টি চেন্নাই থেকে প্রায় ৬১০ কিলোমিটার, মছলিপত্তনম থেকে ৬৬০ কিলোমিটার, বিশাখাপত্তনম থেকে ৬৭০ কিলোমিটার এবং ওড়িশার গোপালপুর থেকে ৭৯০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
আগামী ২০ নভেম্বর দুপুরের দিকে নেল্লোর ও তুনির মাঝামাঝি এলাকা দিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম উপকূল অতিক্রম করতে পারে আকভান। সে সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে, যা দমকা হাওয়াসহ ১৪৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
অন্ধ্রপ্রদেশ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এপিএসডিএমএ) ব্যবস্থাপনা পরিচালক এবং রিয়েল টাইম গভর্ন্যান্স সোসাইটির (আরটিজিএস) প্রধান নির্বাহী প্রখর জৈন জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে এগোচ্ছে। পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি ১৯ নভেম্বর সকালের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরিস্থিতি বিবেচনায় জেলেদের গভীর সমুদ্রে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৮ নভেম্বর থেকে উপকূলীয় অন্ধ্রপ্রদেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ১৯ ও ২০ নভেম্বর অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এসডিএমএ) উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি সাধারণ মানুষ ও কৃষকদের প্রয়োজনীয় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে।
সূত্র: এনডিটিভি



