নিউজ ডেস্ক: জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে জর্ডান ও ইরাকের কর্তৃপক্ষ। আম্মান জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য অবৈধ কনটেন্ট এবং উগ্রবাদী উপাদান ছড়ানো রোধ করা।
সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে জর্ডানের পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেট (পিএসডি) এই পদক্ষেপের ঘোষণা দেয়।
গত মাসে একটি গ্রিক অর্থোডক্স গির্জায় হামলায় নয়জন নিহত হওয়ার পর দেশটিতে চলা নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হলো।
পিএসডি নাগরিকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার, অজ্ঞাত পরিচয়ের কোনো অ্যাকাউন্ট, লিংক বা সত্তার সঙ্গে মিথস্ক্রিয়া এড়ানোর এবং যেকোনো বেআইনি কার্যক্রম বা কনটেন্ট অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে জানানোর আহ্বান জানিয়েছে।
গত মাসে কারাক গভর্নরটের পশ্চিম-মধ্যাঞ্চলের হাম্মুদ গ্রামে গির্জায় ওই হামলার ঘটনা ঘটেছিল। গত রবিবার সেই হামলায় জড়িত থাকার দায়ে তিনজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়।
এই ঘটনার জেরে জর্ডান প্রতিবেশী সিরিয়ায় বিমান হামলা চালায়। আম্মান দাবি করেছে, ওই হামলায় আইসিএস (আইএসআইএস) সশস্ত্র গোষ্ঠীর অন্তত ২০ জন সদস্য নিহত হয়েছে, যারা গির্জার হামলার সঙ্গে জড়িত ছিল।
এদিকে, গত রবিবার আম্মানে বন্দুকধারীর গুলিতে এক নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং অন্য একজন আহত হন। কর্তৃপক্ষ একে আরেকটি সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছে।
এ বিষয়ে টেলিগ্রামের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রুশ বংশোদ্ভূত উদ্যোক্তা পাভেল দুরাভ ২০১৩ সালে এই অ্যাপটি প্রতিষ্ঠা করেন। ধারণা করা হয়, আইএসআইএসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো এই অ্যাপ ব্যবহার করে থাকে।
অন্যদিকে, ইরাকের মিডিয়া ও কমিউনিকেশন অথরিটি জানিয়েছে, ইরাকি কনটেন্ট পর্যালোচনা এবং নীতি লঙ্ঘন রোধে ব্যবস্থা নিতে টেলিগ্রামকে বাধ্য করার জন্যই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, অপারেটিং কোম্পানি প্ল্যাটফর্মে প্রকাশিত নীতিবহির্ভূত কনটেন্ট মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এবং ইরাকি আইন মেনে চলেনি।
কোম্পানিটিকে আইন মেনে চলার জন্য ৩০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তবে এরপর কী ব্যবস্থা নেওয়া হবে তা স্পষ্ট করা হয়নি। এর আগেও ২০২৩ সালে জাতীয় নিরাপত্তা উদ্বেগ এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা অপব্যবহারের অভিযোগ তুলে ইরাক টেলিগ্রাম নিষিদ্ধ করেছিল।
বর্তমানে দুবাইয়ে বসবাসরত পাভেল দুরাভ একাধিক দেশের তদন্তের মুখোমুখি রয়েছেন। গত জুলাই মাসে সন্ত্রাসবাদে সহায়তার অভিযোগ এনে দুরাভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রাশিয়া।
টেলিগ্রাম অ্যাপটি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড চ্যাট সমর্থন করলেও এর সব কথোপকথন এনক্রিপ্টেড নয়। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে মেসেজিং অ্যাপটি বেশ জনপ্রিয়। বিশ্বজুড়ে থাকা ব্যবহারকারীদের প্রায় ৮ শতাংশই এই অঞ্চলের।
সূত্র: আল জাজিরা



