আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তীব্র শীতের কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সপ্তাহ কিয়েভ ও দেশটির অন্যান্য শহরে হামলা না চালাতে সম্মত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) হোয়াইট হাউসে ক্যাবিনেট মিটিংয়ে ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেন।
যদিও ইউক্রেনে এক সপ্তাহ হামলা চালানো হবে না এ সংক্রান্ত কোনো চুক্তি করেনি রাশিয়া। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। একইসঙ্গে আশা প্রকাশ করেছেন, রাশিয়া তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে।
তবে কীভাবে বা কখন এই অনুরোধ জানানো হয়েছে এবং হামলা বন্ধের সময়সীমা কখন শুরু হবে, তা পরিষ্কার করেননি ট্রাম্প। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন।
বৃহস্পতিবার রাত থেকে ইউক্রেনের রাজধানীর তাপমাত্রা -২৪ ডিগ্রি সেলসিয়াস (-১১ ডিগ্রি ফারেনহাইট) এ থাকার কথা। সাম্প্রতিক তীব্র শীতের মধ্যে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে রাশিয়া।
ওয়াশিংটন ডিসিতে টেলিভিশনে সম্প্রচারিত মন্ত্রিসভার বৈঠকে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে এক সপ্তাহের জন্য কিয়েভ ও আশপাশের শহরেগুলোতে হামলা না চালানোর অনুরোধ করেছি, তিনি এতে সম্মত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এটি ছিল খুবই চমৎকার। অনেকে বলেছিল—পুতিনকে কল করে লাভ নেই, তিনি রাজি হবেন না। কিন্তু তিনি আমার অনুরোধ রেখেছেন।’
বৃহস্পতিবার এক সংবাদ সম্মলনে ট্রাম্প বলেন, তীব্র শীতের মধ্যে মানবিক বিবেচনায় তিনি ব্যক্তিগতভাবে পুতিনকে কিয়েভ ও অন্যান্য শহরে হামলা বন্ধ রাখতে অনুরোধ করেছেন। পুতিন এতে রাজি হয়েছেন বলেও জানান তিনি।
এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবারও ইউক্রেনের দক্ষিণাঞ্চলের জাপোরিজঝিয়ায় রাশিয়ার ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, ড্রোন হামলায় একটি আবাসিক ভবনে বড় ধরনের আগুন ধরে যায়।
গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়া আরেকটি বড় আকারের আকাশপথে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার যেকোনো হামলা শান্তি আলোচনাকে প্রশ্নবিদ্ধ করবে বলেও মন্তব্য করেন জেলেনস্কি।




