ময়মনসিংহ ব্যুরো: আসন্ন নির্বাচনে সীমান্তবর্তী গারো পাহাড়ের প্রাদদেশে পর্যটন সমৃদ্ধ ও উন্নয়ন বঞ্চিত এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১ নম্বর পোড়াগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান চৌধুরী। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে স্থানীয় ভোটারদের সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া এলাকায় মজিবর রহমান চৌধুরীর নিজ বাড়ির আঙিনায় আয়োজিত এ সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভায় উপস্থিত স্থানীয় ভোটারদের একাংশ হাত তুলে তাঁর প্রার্থিতার প্রতি সমর্থন জানান।
আন্ধারুপাড়ার বিশিষ্ট সমাজসেবী আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মজিবর রহমান চৌধুরী। এ সময় ডা. মীর কাশিম, বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী, আব্দুল হামিদ, ফজলুল হক, ইব্রাহিম, সুজা উদ্দিন, শমশের আলী, ইমরুল দেওয়ান, রুহুল আমীন, রমেশ কোচ, রহমত আলী, আজিজুল হক, ফারুক হোসেন ও স্বপন মোল্লাসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
সভায় পোড়াগাঁও ইউনিয়ন বিএনপি, বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি দুই সহস্রাধিক স্থানীয় ভোটার উপস্থিত ছিলেন বলে আয়োজকেরা জানান। সভার একপর্যায়ে মজিবর রহমান চৌধুরী ১ নম্বর পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
প্রার্থিতা ঘোষণার পর বক্তব্যে মজিবর রহমান চৌধুরী বলেন, জনগণের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি ইউনিয়নবাসীর সেবা ও এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দেবেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনায় থাকা কাঁচা রাস্তাঘাট পর্যায়ক্রমে পাকাকরণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সেবা আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
এ ছাড়া পোড়াগাঁও ইউনিয়নে ভূমি অফিস স্থাপন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, চেল্লাখালী নদী থেকে বালু উত্তোলনের ক্ষেত্রে ইজারাভিত্তিক ব্যবস্থার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের জন্য সহায়তা এবং ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণে সামাজিকভাবে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও বলেন।
মজিবর রহমান চৌধুরী বলেন, ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। এ জন্য তিনি স্থানীয় ভোটারদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।




