নিউজ ডেস্ক: `আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি। জোরটা কী, নট মেকিং স্কুল বিল্ডিং, নতুন নতুন চারতলা, পাঁচতলা স্কুল বানানো এইটা আমাদের লক্ষ্য না। বরং আমরা ওই বাজেট দিয়ে আমরা প্রাইমারি শিক্ষকদের মোর কোয়ালিফাই করতে চাচ্ছি, তাদের ট্রেনিং দিতে চাচ্ছি। যে ট্রেনিংটার মধ্যে অ্যাকাডেমিক ট্রেনিং থাকবে, একই সাথে সামাজিক এবং ধর্মীয় যে মূল্যবোধ আছে এই বিষয়গুলোও বাচ্চাদের শেখাতে হবে।’ জাতীয় রিলস মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের প্রশ্নের জবাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান একথা বলেন।
আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির উদ্যোগে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিলস মেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শিরোনামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
সাইবার বুলিং নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘আমরা যদি বাচ্চাদের ছোটবেলা থেকে শেখাই, এইটা সঠিক, এইটা ভুল; এইটা সাদা, এইটা কালো; এইভাবে যদি আমরা বাচ্চাদের শেখাতে পারি আমার ধারণা একটা পর্যায়ে গিয়ে তাদের মাথায় ঢুকে যাবে কোনটা ন্যায় কোনটা অন্যায়।’




