নিউজ ডেস্ক: বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অলিম্পিয়াড–২০২৬ আয়োজন উপলক্ষে প্রাথমিক মতবিনিময় ও পূর্বপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ আগস্ট ২০২৬ শনিবার সকাল ১১টায় রাজধানীর সিয়াম হেলথ কেয়ার লিমিটেডের কার্যালয়, ১৪২ গ্রীন ক্যাসেল, গ্রীন রোড, ঢাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিয়াম হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান ডা. মনিরুল ইসলাম খান। সভায় অলিম্পিয়াডের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপরিকল্পনা, বাস্তবায়ন কৌশল এবং সম্ভাব্য কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রফেসর ড. মোহাম্মদ আনিসুর রহমান ফরাজী, সিনিয়র রিসার্চ কনসালটেন্ট, সিয়াম হেলথ কেয়ার লিমিটেড; ডা. আশিকুর রহমান, পরিচালক, জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ; মিসেস রত্নামনি, সিনিয়র ফ্যাকাল্টি, কলেজ অব নার্সিং, মহাখালী, ঢাকা; ডঃ মাহবুবা আফরিন, নার্সিং কর্মকর্তা, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল; ক্যামেলিয়া আজাদ, নার্সিং কর্মকর্তা, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল; মোছা. সীমা আক্তার, সিনিয়র ফ্যাকাল্টি, সাইক নার্সিং কলেজ এবং মোহাম্মদ সোহাগ মিয়া, নার্সিং কর্মকর্তা, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি শুধু একটি পেশা নয়—এটি দেশের স্বাস্থ্যব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি। দক্ষতা, জ্ঞান, সৃজনশীলতা, নেতৃত্ব ও পেশাগত উৎকর্ষ বাড়াতে এমন একটি জাতীয় পর্যায়ের অলিম্পিয়াড সময়ের গুরুত্বপূর্ণ দাবি। এর মাধ্যমে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, জ্ঞানচর্চা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটবে।
সভায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অলিম্পিয়াড–২০২৬-এর একটি প্রাথমিক রোডম্যাপ ঘোষণা করা হয়। পর্যায়ক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, নার্সিং কলেজ, ইনস্টিটিউট ও পেশাজীবীদের সম্পৃক্ত করে বাছাই, প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও চূড়ান্ত পর্ব আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, এই অলিম্পিয়াড দেশের নার্স ও মিডওয়াইফদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি নতুন দিগন্তের সূচনা করবে।
সভা শেষে অলিম্পিয়াডের সফল বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ, পেশাগত ঐক্য এবং সমন্বিত কর্মপরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।




