ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকমধ্যবর্তী নির্বাচনে পরাজয় পর ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে পরাজয় পর ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয়ের পরও অর্থনীতি ও ইরান যুদ্ধের পক্ষে নিজের অবস্থান ধরে রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দলের প্রচারণাগত ভুল এবং অভিবাসন নীতির অতিরিক্ত কঠোরতা স্বীকার করেছেন তিনি।

সিবিএস নিউজকে এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তার প্রশাসনের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা পদ হারাতে পারেন।

সাক্ষাৎকারটি সম্প্রচারের এক ঘণ্টার মধ্যেই হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসের পদত্যাগের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে ওয়াইলসের স্থলাভিষিক্ত হিসেবে স্টিফেন মিলারের নাম ঘোষণা করেন।

গত মঙ্গলবারের নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের ৪০টিরও বেশি আসন এবং সিনেটের অন্তত সাতটি আসন হারিয়েছে। এসব আসনের মধ্যে এমন এলাকাও রয়েছে, যেখানে দুই বছর আগে ট্রাম্প বড় ব্যবধানে জয় পেয়েছিলেন। সিবিএস নিউজের বুথফেরত জরিপ অনুযায়ী, ৬৩ শতাংশ ভোটার ট্রাম্পের কাজের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।

নির্বাচনি পরাজয়ের বিশ্লেষণে ট্রাম্প জানান, ভোটাররা ইরানের সঙ্গে যুদ্ধ এবং এর ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পছন্দ করেননি। তবে পরাজয়ের প্রধান কারণ হিসেবে তিনি ব্যালট পেপারে নিজের নাম না থাকাকে উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, সমর্থকেরা ভোট দিতে যাননি। কিছু ক্ষেত্রে তারা মনোনীত প্রার্থীদের পছন্দ করেননি। এটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।’

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মসংস্থান-সংক্রান্ত ইতিবাচক তথ্য তুলে ধরে নিজের অর্থনৈতিক নীতির পক্ষে সাফাই দেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমাদের অর্থনৈতিক সূচকগুলো অভূতপূর্ব। ৪০১(কে) অবদানের মাধ্যমে জনগণ এখন প্রচুর লাভবান হচ্ছে।’

তবে বুথফেরত জরিপ বলছে, তিন-চতুর্থাংশ ভোটার দেশের বর্তমান অর্থনীতিকে দুর্বল মনে করেন। গ্যাস, খাদ্যপণ্য, পরিষেবা ও চিকিৎসা ব্যয়ের ঊর্ধ্বগতিকে এর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

এ প্রসঙ্গে ট্রাম্প স্বীকার করেন, সরকারের অর্জনগুলো যথাযথভাবে জনগণের কাছে তুলে ধরা সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘সমস্যা হলো, আমরা আমাদের অর্জনের বিষয়টি ঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে পারিনি। বার্তা পৌঁছানোর ক্ষেত্রে হয়তো আমার দিক থেকেও কিছুটা ঘাটতি ছিল।’

নির্বাচনের পরদিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, ইরান যুদ্ধই নির্বাচনি পরাজয়ের অন্যতম প্রধান কারণ। ট্রাম্প জানান, ভ্যান্স পোস্টটি দেওয়ার আগে তার সঙ্গে কথা বলেছিলেন। এ বিষয়ে ভ্যান্সের বক্তব্যের সঙ্গে তিনি দ্বিমত পোষণ করেননি।

যুদ্ধ শুরুর সিদ্ধান্তকে সঠিক দাবি করে ট্রাম্প বলেন, ‘ঐতিহাসিকভাবে এটি অত্যন্ত সঠিক একটি সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। এটি হয়তো স্বল্পমেয়াদে জনপ্রিয় নয়, তবে দীর্ঘমেয়াদে দেশের স্বার্থ রক্ষা করবে।’

তিনি আরও জানান, মধ্যবর্তী নির্বাচন শেষ হলেও ইরান যুদ্ধ আরও ছড়িয়ে দেওয়ার কোনো পরিকল্পনা তার নেই।

২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের বিজয়ে অভিবাসন নীতি বড় ভূমিকা রাখলেও সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৫৮ শতাংশ ভোটার মনে করেন, তার প্রশাসনের অভিবাসন-সংক্রান্ত পদক্ষেপগুলো অতিরিক্ত কঠোর ছিল। টেক্সাসের মতো অঙ্গরাজ্যে লাতিনো ভোটারদের একটি অংশ ট্রাম্পের কঠোর নীতির কারণে ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকে পড়েছেন।

এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘সীমান্ত সম্পূর্ণ বন্ধ করার জন্য আমি ইতিবাচক নম্বর পাব। অপরাধীদের বের করে দেওয়ার পদক্ষেপও প্রশংসিত হয়েছে। কিন্তু যেসব মানুষ বছরের পর বছর ভালো কাজ করছেন এবং কেবল একটি আইনি ভুলের কারণে দেশে প্রবেশ করেছেন, তাদের বের করে দেওয়ার বিষয়টি নেতিবাচক প্রভাব ফেলেছে। আমার মতে, এটি কিছুটা অতিরিক্ত কঠোর ছিল।’

ফর্বসের প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর থেকে ট্রাম্পের ব্যক্তিগত সম্পদ বহুগুণ বেড়েছে। এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, নিজের সম্পদের হিসাব রাখার পেছনে তিনি সময় ব্যয় করেন না। তার যথেষ্ট অর্থ রয়েছে এবং তার দুই ছেলে ব্যবসা পরিচালনা করছেন।

প্রেসিডেন্ট হিসেবে তিনি কোনো ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন না বলেও দাবি করেন ট্রাম্প।

নির্বাচনি বিপর্যয়ের পর প্রশাসনে কোনো পরিবর্তন আসবে কি না, এমন প্রশ্নে ট্রাম্প ইঙ্গিত দেন, তিনি কিছু পরিবর্তন আনতে যাচ্ছেন।

সাক্ষাৎকারটি সম্প্রচারের পরপরই সুসি ওয়াইলসের বিদায় এবং স্টিফেন মিলারের নিয়োগের খবর প্রকাশ্যে আসে। তবে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প।

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের উত্তরসূরি হিসেবে কাকে ভাবছেন, সে বিষয়ে ট্রাম্প জানান, তিনি এখনই নির্দিষ্ট কাউকে সমর্থন করছেন না।

তবে রিপাবলিকান পার্টিতে অনেক তরুণ ও যোগ্য নেতা রয়েছেন উল্লেখ করে তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম স্মরণ করিয়ে দেন।

মেয়াদ শেষ হওয়ার আগে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা ব্যাপকভাবে ব্যবহারের কথা জানিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, ‘দেশের সেবা করতে গিয়ে যেসব ভালো মানুষ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন, তাদের রক্ষায় আমি বিপুলসংখ্যক ক্ষমা আদেশে স্বাক্ষর করার ইচ্ছা রাখি।’

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় বন্দিদের প্রতিও পুনরায় সমর্থন জানান তিনি।

অনাকাঙ্ক্ষিত উড়ন্ত বস্তু (ইউএফও) প্রসঙ্গে সামরিক বাহিনীর পাইলটদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমি খুব একটা বিশ্বাসী না হলেও, ডিম্বল এবং এয়ারফোর্সের অসাধারণ সব বৈমানিকের কাছ থেকে যেসব কথা শুনেছি, তা অত্যন্ত বিস্ময়কর।’

ট্রাম্প প্রশাসনের স্বাক্ষরিত নির্বাহী আদেশের পর পেন্টাগন সম্প্রতি ইউএফও-সংক্রান্ত বেশ কিছু নথি ও ছবি জনসমক্ষে প্রকাশ করেছে।

সাক্ষাৎকারের শেষ পর্যায়ে ডাউথ্যাট ট্রাম্পকে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে জীবনের শেষ পরিণতি নিয়ে প্রশ্ন করেন। ধর্মপ্রাণ মানুষ হিসেবে স্বর্গে যেতে চান বলে জানান ট্রাম্প।

তবে স্বর্গে প্রবেশের শর্ত হিসেবে রাজনৈতিক শত্রুদের ক্ষমা করতে পারবেন কি না, এমন প্রশ্নে স্পষ্টভাবে ‘না’ বলেন তিনি।

ট্রাম্প বলেন, ‘সহজ উত্তর হয়তো “হ্যাঁ” দেওয়া যেত, কিন্তু আমি সত্যি বলতে চাই। আমি আমার কিছু শত্রুকে সত্যিই ঘৃণা করি এবং ভবিষ্যতেও করে যাব।’

সূত্র: সিবিসি নিউজ

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular