ঢাকা  সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিমানুষ ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিদায় চায়: সাকি

মানুষ ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিদায় চায়: সাকি

নিউজ ডেস্ক: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। মানুষ এখন ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিদায় চায়। অর্থনীতিতে ন্যায়বিচার নিশ্চিত না করে কোনো গণতন্ত্র চলতে পারে না। শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। কলকারখানার মালিকরা বেতন দিতে না পারলে সরকারকে শ্রমিকের মজুরি আদায় করে দিতে হবে।

শুক্রবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির তৃতীয় কেন্দ্রীয় কাউন্সিলে তিনি এ আহ্বান জানান।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের ঘটনাপ্রবাহ উল্লেখ করে সাকি বলেন, শেখ হাসিনা পালানোর পর মানুষ একটা বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ– একাত্তরের পর যা হয়নি, নব্বইয়ের পর যা হয়নি, সেটি এবার না হলে তারা মানবে না। ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ চায় সবাই। সেই জায়গায় থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশে আছি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নওরিন রশিদ, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, নারী সংহতি আন্দোলনের সভাপতি শ্যামলী শীল প্রমুখ বক্তব্য দেন। সভায় পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে ১৮ দফা উত্থাপন করা হয়।

এদিন বিকেলে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজারে জামিলা খাতুন বালিকা বিদ্যালয়ে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন’ দাবি নিয়ে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা হয়। এ সময় জোনায়েদ সাকি বলেন, গণতন্ত্রের জন্য প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির দরকার। কেউ যেন ফের স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেই সাংবিধানিক ব্যবস্থা দরকার।

রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু বলেন, শহীদদের স্মরণ করতে হবে যেমন, তেমনি যারা জীবিত আছেন, তাদের জন্যও লড়াই জারি রাখতে হবে।

উপস্থিত ছিলেন গণসংহতির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলিফ দেওয়ান, সদস্য সচিব সেলিমুজ্জামানসহ লালবাগ-চকবাজার-বংশাল-কোতোয়ালি-কামরাঙ্গীরচর থানার নেতারা। সভায় সভাপতিত্ব করেন লালবাগ থানা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক ইসমাইল হোসেন টিটো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular