নিউজ ডেস্ক: মিশরের পশ্চিম নীল নদের ব-দ্বীপে অবস্থিত একটি প্রাচীন দুর্গের ভেতর থেকে প্রত্নতাত্ত্বিকরা প্রায় তিন হাজার বছর পুরোনো একটি ঘোড়ার সমাধি আবিষ্কার করেছেন। ধারণা করা হচ্ছে, ঘোড়াটি সামরিক কাজে ব্যবহৃত হতো।
ঘোড়াটি ছিল মাঝারি আকারের একটি তরুণ পুরুষ ঘোড়া। এটি সম্ভবত রথ টানার কাজে বা অন্যান্য সামরিক কর্মকাণ্ডে ব্যবহৃত হতো।
প্রত্নতাত্ত্বিকরা কাছেই রথের ঘোড়ার সাজসরঞ্জামের কিছু অবশেষও খুঁজে পেয়েছেন।
মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়ের একটি অনূদিত বিবৃতি অনুযায়ী, এসব নিদর্শনের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ঘোড়াটিকে আনুষ্ঠানিকভাবে সমাধিস্থ করা হয়েছিল।
মিশরের লেক ডিস্ট্রিক্টের আবকা প্রত্নতাত্ত্বিক স্থানে ঘোড়াটির সমাধি পাওয়া যায়। দুর্গটি নব্য রাজত্বকালীন সময়ের (আনুমানিক ১৫৫০ থেকে ১০৭০ খ্রিস্টপূর্বাব্দ) এবং পশ্চিমে বসবাসকারী শত্রুভাবাপন্ন লিবীয় উপজাতিদের হাত থেকে অঞ্চলটি রক্ষার জন্য এটি ব্যবহৃত হতো।
দুর্গটির খননকাজে পাওয়া নিদর্শনের মধ্যে একটি ফলকও রয়েছে, যেখানে এক লিবীয় বন্দির চিত্র খোদাই করা হয়েছে। তার পোশাক থেকে ধারণা করা হয়, তিনি মেশওয়েশ উপজাতির সদস্য ছিলেন- যে গোষ্ঠীর সঙ্গে মিশরের প্রায়ই সংঘাত হতো।
বিবৃতিতে বলা হয়, বন্দিটিকে নত অবস্থায় এবং হাত পেছনে বাঁধা অবস্থায় দেখানো হয়েছে, যা তার আত্মসমর্পণের প্রতীক।
এ ছাড়া ফারাও দ্বিতীয় রামসেসের নাম খোদাই করা একটি চিত্রলিপির ফলকও পাওয়া গেছে। তিনি আনুমানিক ১২৭৯ থেকে ১২১৩ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেন।
আরেকটি ফলকে ফারাও মেরনেপতাহের নাম রয়েছে। তিনি আনুমানিক ১২১৩ থেকে ১২০৩ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেন।
ওই ফলকে তার শক্তিকে সেথের শক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। সেথ ছিলেন মরুভূমি ও ঝড়ের সঙ্গে সম্পর্কিত প্রাচীন মিশরীয় দেবতা।
খননকাজের সঙ্গে যুক্ত নন এমন গবেষকেরা লাইভ সায়েন্সকে বলেছেন, ঘোড়াটির সমাধি একটি অনন্য আবিষ্কার।
প্রাচীন মিশরীয় ঘোড়া নিয়ে ব্যাপক গবেষণা করা ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের গবেষক লনেকে ডেলপেউট লাইভ সায়েন্সকে এক ইমেইলে বলেন, ‘এটি একটি আশ্চর্যজনক আবিষ্কার, কারণ ফারাওদের আমলের মিশর থেকে ঘোড়ার দেহাবশেষ, বিশেষ করে সম্পূর্ণ কঙ্কাল, খুব কমই পাওয়া যায়।’
ডেলপেউট বলেন, প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন মিশরের রাজধানী পি-রামসেসের মতো স্থানে ঘোড়ার আস্তাবলের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। তবে ঘোড়ার দেহাবশেষ খুব কমই পাওয়া গেছে।
তার মতে, ‘এই ঘোড়াটি এই অঞ্চলে থাকা অসংখ্য সামরিক দুর্গে ঘোড়ার ব্যবহার সম্পর্কে আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে।’
তবে ঘোড়াটিকে দ্ব্যর্থহীনভাবে ‘যুদ্ধের ঘোড়া’ হিসেবে আখ্যায়িত করার ব্যাপারে সতর্ক করেছেন ডেলপেউট।
তিনি বলেন, “এর মূল কারণ হলো, প্রাচীন মিশরে ‘যুদ্ধের ঘোড়া’ বলতে কী বোঝায়, তার কোনো সুস্পষ্ট সংজ্ঞা আমাদের কাছে নেই।”
তিনি আরও বলেন, ‘এটি অবশ্যই একটি রথের ঘোড়া ছিল। প্রাচীন মিশরে ঘোড়া চলাচল ও যুদ্ধকৌশলে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। তাই এই ঘোড়াটি নিঃসন্দেহে একটি মূল্যবান প্রাণী ছিল, যা এটিকে অত্যন্ত যত্নসহকারে সমাধিস্থ করার পদ্ধতি থেকেও বোঝা যায়।’
কানাডার ক্যালগারিতে অবস্থিত মাউন্ট রয়্যাল ইউনিভার্সিটির প্রাচীন ঘোড়া বিশেষজ্ঞ ক্যারোলিন উইলেকেস লাইভ সায়েন্সকে এক ইমেইলে বলেন, ‘আবিষ্কারটি রোমাঞ্চকর।’
তিনি বলেন, ‘ভালোভাবে সংরক্ষিত ঘোড়ার দেহাবশেষ ওই নির্দিষ্ট ঘোড়াটির জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার সম্ভাবনা রাখে।’
উইলেকেস আরও বলেন, ‘এটি যে একটি পরিকল্পিত ঘোড়ার সমাধি বলে মনে হচ্ছে, তা প্রাচীন মিশরে মানুষ ও ঘোড়ার সম্পর্ক এবং ঘোড়ার সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কেও আকর্ষণীয় ইঙ্গিত দেয়।’
মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়ের একটি প্রত্নতাত্ত্বিক দল এই আবিষ্কার করেছে। এ বিষয়ে মন্তব্য জানতে লাইভ সায়েন্স দলটির সঙ্গে যোগাযোগ করেছিল। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।
সূত্র: লাইভ সায়েন্স



