ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকরোনালদোর ৩৬তম ট্রফি জয়

রোনালদোর ৩৬তম ট্রফি জয়

ক্রীড়া ডেস্ক: অবশেষে আল নাসরের হয়ে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগ জয়ের মাধ্যমে ক্যারিয়ারের ট্রফি সংখ্যাও বাড়ালেন পর্তুগিজ মহাতারকা। এই শিরোপা নিয়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার মোট ট্রফি দাঁড়িয়েছে ৩৬টিতে।

আল নাসরে যোগ দেয়ার চার মৌসুম পর প্রথম বড় শিরোপা জিতলেন রোনালদো। এর আগে সর্বশেষ ২০২১ সালে জুভেন্টাসের হয়ে কোপা ইতালিয়া জিতেছিলেন তিনি। নতুন এই সাফল্যে সর্বকালের সর্বোচ্চ ট্রফিজয়ী ফুটবলারদের তালিকায় আরও ওপরে উঠেছেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বর্তমানে ৩৬টি ট্রফি নিয়ে সার্জিও বুসকেটস, অ্যাঞ্জেল ডি মারিয়া, রায়ান গিগস ও ইব্রাহিম হাসানের সঙ্গে যৌথভাবে ১১তম স্থানে আছেন রোনালদো। তালিকার শীর্ষে লিওনেল মেসির সঙ্গে তার ব্যবধান এখনও ১২টির। মেসির ঝুলিতে রয়েছে ৪৮টি শিরোপা।

সর্বাধিক ট্রফিজয়ী ফুটবলারদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন দানি আলভেস (৪৩)। এরপর রয়েছেন মারকিনিয়োস (৪২), আন্দ্রেস ইনিয়েস্তা ও হোসাম হাসান (৪০), ডেভিড আলাবা ও হোসাম আশুর (৩৯)। ৩৮টি করে ট্রফি নিয়ে তাদের পরে অবস্থান করিম বেনজেমা ও জেরার্ড পিকের।

রোনালদোর ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হলো, তিনি যে ক্লাবেই খেলেছেন সেখানেই অন্তত একটি করে শিরোপা জিতেছেন। স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আল নাসর; সব দলেই ট্রফি জয়ের কৃতিত্ব আছে তার। একই কীর্তি রয়েছে মেসিরও; বার্সেলোনা, পিএসজি ও ইন্টার মায়ামির হয়ে শিরোপা জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা।

জাতীয় দলের জার্সিতেও সফল রোনালদো। তার নেতৃত্বে ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। এরপর ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগও জেতে দলটি। সামনে ২০২৬ বিশ্বকাপ। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে রোনালদো ও মেসি দুজনই আরও একটি বড় ট্রফি যোগ করতে চাইবেন নিজেদের সাফল্যের মুকুটে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular