আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য হরমুজ প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে।
স্থানীয় সময় শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ তথ্য জানান।
সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজের চলাচল যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হলো।
তবে জাহাজগুলোকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ ঘোষিত একটি ‘সমন্বিত রুট’ অনুসরণ করে চলাচল করতে হবে বলে জানান তিনি।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দেয় ইরান। এরপর যুদ্ধে তেহরান নৌপথটি নিয়ন্ত্রণের পাশাপাশি পুরো অঞ্চলজুড়ে অত্যাবশ্যকীয় অবকাঠামোতে আঘাত হানার সক্ষমতা ও ইচ্ছা উভয়ই প্রদর্শন করেছে, যা উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাসভিত্তিক অর্থনীতিকে বিপন্ন করেছে।




