ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতসাবেক মেয়র সাঈদ খোকন রিমান্ডে

সাবেক মেয়র সাঈদ খোকন রিমান্ডে

নিউজ ডেস্ক:  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

রাজধানীর ধানমন্ডি থানার এ মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে বিকেল সাড়ে ৫ টায় আদালতে আনা হয়। সন্ধ্যা ছয়টার দিকে শুনানির জন্য এজলাসে হাজির করা হয়।

তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগের জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

আবেদনে বলা হয়, এজাহারনামীয় ২৯ নম্বর আসামি সাঈদ খোকন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্র-জনতার দাবির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করেছিলেন মর্মে তদন্তকালে প্রকাশ পায়।

ছাত্র আন্দোলনকে বানচাল করার জন্য তাহার হুকুমে ও পূর্বপরিকল্পনা অনুযায়ী ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বিচারে সাধারণ ছাত্র জনতার উপর হামলা করে।

ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে ধানমন্ডিসহ আশেপাশের এলাকাকে রনক্ষেত্রে পরিনত করে। আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসাবে সে উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করেছে।

স্বৈরাচার সরকার পতনের পরেও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আত্মগোপনে থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সে আওয়ামীলীগের ঝটিকা মিছিল পরিচালনা করেছে।

আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাকর্মীদের সাথে তার যোগাযোগ রয়েছে মর্মে সত্যতা পাওয়া যাচ্ছে। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য সে ব্যাপক পরিকল্পনা করছে মর্মে তথ্য পাওয়া যায়। তাকে ধরা সম্ভব হলেও সহযোগীরা আত্মগোপনে রয়েছে।

সুষ্ঠু তদন্তের স্বার্থে, তাদের পরবর্তী পরিকল্পনা সংক্রান্তে তথ্য সংগ্রহের জন্য, পলাতকদের অবস্থান সংক্রান্তে তথ্য সংগ্রহ পূর্বক সনাক্ত করে গ্রেপ্তার করতে, তার আশ্রয় দাতা সংক্রান্তে তথ্য সংগ্রহ, তাদের বর্তমান আস্তানা কোথায়, তারা কোথায় সভা-আলোচনা করে সে তথ্য জানতে, দেশে অবস্থানরত তার বিশ্বস্ত কর্মীদের বিষয়ে তথ্য প্রাপ্তির জন্য রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আদালতে এ আবেদনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

অন্যদিকে, রিমান্ডের বিরোধিতা করে তা বাতিল চেয়ে জামিন দেওয়ার আবেদন শুনানি করেন তার আইনজীবী আবু সাইদ সাগর।

শুনানির একপর্যায়ে নিজেই কথা বলতে চান সাঈদ খোকন। বিচারকের দৃষ্টি আকর্ষণ করতে হাত তুললেও অনুমতি পাননি।

শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

মামলার এজাহারের বিবরণে জানা যায়, বৈষম্য ছাত্র জনতার আন্দোলনে অন্যান্য ছাত্র ও সাধারন জনতার সাথে আব্দুল মোতালিব (১৪) ২০২৪ সালের ৪ আগষ্ট আনুমানিক ১৮:০০ ঘটিকার দিকে ধানমন্ডি থানা এলাকার জিগাতলা বাসষ্টন্ডের পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার সামনে পাঁকা রাস্তার উপর অবস্থানকালে পুলিশ, র‍্যাব, আওয়ামীলীগ ও ১৪ দলীয় নেতা কর্মীরা দেশীয় অস্ত্রসহ শত শত সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, ককটের বিস্ফোরন ঘটায় এবং হাত বোমা, পেট্রোল বোমা, রাবার বুলেট ও তাজা বুলেট বর্ষণ করে। এতে ঘটনাস্থলে নিরস্ত্র অনেক ছাত্র-জনতা আহত ও নিহত হয়। আব্দুল মোতালিব বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

পরবর্তীতে তাকে নোয়াখালী, বেগমগঞ্জ এর ৪নং আলাইয়ারপুর ইউনিয়ানের বড় নেওয়াজপুরে নিজ গ্রামে নিয়ে দাফন করা হয়।

এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫০-৩০০ জনকে আসামি করে ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন।

মঙ্গলবার সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় এসআরবি (SRB) সদস্যরা ব্যাপক অভিযান পরিচালনা করে গুলশান থানাধীন বারিধারা ৯নং রোডের ১৩নং বাড়ী হইতে সাবেক মেয়রকে গ্রেপ্তার করা হয়।

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে দলের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular