ঢাকা  রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকসুইজারল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

সুইজারল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালা অঞ্চলে তুষারধসের কবলে পড়ে একটি আঞ্চলিক ট্রেন লাইনচ্যুত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দক্ষিণাঞ্চলীয় শহর গপেনস্টাইনের কাছে ১,২১৬ মিটার উচ্চতায় এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় পুলিশ ও বার্তাসংস্থা এএফপি নিশ্চিত করেছে।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, ট্রেনটি আসার ঠিক আগ মুহূর্তে একটি বিশাল তুষারধস রেললাইন অতিক্রম করেছিল, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে ওই অঞ্চলে তুষারধসের সতর্কতা দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে (লেভেল-৪) রয়েছে। প্রবল তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হলেও সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে আল্পস পর্বতমালায় তুষারধসের কারণে নিহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ফ্রান্সের ভাল ডি’ইসেরে রিসোর্টে তুষারধসে তিন স্কিয়ারের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, বর্তমানে পাহাড়ের ঢালগুলো এতটাই অস্থিতিশীল যে, সামান্যতম চাপ বা একজন স্কিয়ারের চলাচলের ফলেও বড় ধরনের ধস নামতে পারে। অলিম্পিক সাইটগুলোর বাইরে অনির্ধারিত ও রক্ষণাবেক্ষণহীন পাহাড়ি এলাকাগুলোতে পর্যটক ও স্কিয়ারদের যাতায়াত না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: আলজাজিরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular