গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীকে পরিবারের কাছে তুলে দিয়েছেন পুলিশ। শুক্রবার (১৩ জুন) ভোর রাত সাড়ে তিনটার দিকে সমু চৌধুরীকে তার খালাতো ভাই অপু এবং অভিনয় শিল্পী সংঘের সদস্যদের উপস্থিতিতে তুলে দেওয়া হয়েছে।
পাগলা থানার ওসি মো. ফেরদৌস আলম বলেন, ভোররাতে সমু চৌধুরীর খালাতো ভাই অপুর কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় অভিনয় শিল্পী সংঘের কয়েকজন সদস্য সঙ্গে ছিলেন।এর আগে গত বুধবার গভীর রাতে ঢাকা থেকে একটি মোটরসাইকেল যোগে গফরগাঁওয়ের পাগলা থানা এলাকার মুখী শাহ্ মিসকিন মাজারে আসেন। বৃহস্পতিবার দুপুরে নদী থেকে গোসল করে মাজারের পাশেই একটি গাব গাছের নিচে গামছা পড়ে ঘুমিয়ে পড়েন সমু চৌধুরী। পরে স্থানীয় যুবক মামুন তার সাথে কথা বলে নিশ্চিত হন তিনি চলচিত্র ও নাট্য অভিনেতা সমু চৌধুরী। পরবর্তী সময়ে তিনি নিজের নাম পরিচয় জানিয়েছেন। মোটরসাইকেলযোগে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে এসে ভীষণ ক্লান্ত হয়ে পড়েন।
সেসময় বিশ্রামরত অবস্থার কিছু ছবি তুলে মামুন তার ফেসবুক আইডিতে পোষ্ট করে। পরে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এঘটনার পর পুলিশ ও উপজেলা প্রশাসন সমু চৌধুরীর নিরাপত্তার দায়িত্ব নেয়।
মাজারের সেবক বাচ্চু শাহ বলেন, সমু চৌধুরী এখানে আসবার পর থেকে আমার আতিথেয়তা গ্রহণ করেন।টি শার্ট আর ট্রাউজার পড়নে এখানে এলে কাপড় পরিবর্তন করতে পাঞ্জাবি, লুঙ্গি,গামছা দেওয়া হয়। শুক্রবার রাতে পরিবারের লোকজন এলে তাদের সাথে তিনি বাড়ি ফিরে গেছেন।



