নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণহত্যা ও ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার ঘটনা গোপন করায় অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ১৮ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসাথে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে ১৫ ডিসেম্বর তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার প্রসিকিউশনের মাধ্যমে তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ট্রাইব্যুনাল।
এসময় জুলাই-আগস্ট গণহত্যার তদন্তের অগ্রগতি ঠিক মতো অবহিত করতে না পারায় তদন্ত সংস্থার প্রতি অসন্তোষ প্রকাশ করেন আদালত।
এদিকে আরেক আবেদনে গ্রেফতারি পরোয়ানা জারির পর অনেক আসামি পালিয়ে যাওয়ার ঘটনার ব্যাখ্যা ৭ দিনের মধ্যে দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
সকালে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে হাজির করা হয়। পরে আদেশের নিয়ে যাওয়া হয় কারাগারে। তবে জুনায়েদ আহমেদ পলককে হাজির করা হয়নি ট্রাইব্যুনালে।
৪ ডিসেম্বর শিক্ষার্থী ইমাম হোসেন তাঈম হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছিল।
মামলার সূত্রে জানা গেছে, ইমাম হোসেন তাঈমকে কাছ থেকে গুলি করার পর থানায় নিয়ে মুখমণ্ডল বিকৃত করে মৃত্যু নিশ্চিত করার ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন সাবেক এ পুলিশ কর্মকর্তা। শেখ হাসিনা সরকারের পতনের পর এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় আবুল হাসান এজাহারভুক্ত আসামি।



