লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : ডেভিল হান্ট চলমান অপারেশনে আবু সাঈদ হত্যা মামলার আসামি বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করেছে জামালপুরের ইসলামপুর থানা পুলিশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাপাড়া নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ইমরান চৌধুরী আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি এবং ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সদস্য। তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেন শাহ চৌধুরী শাহিনের পুত্র।
পুলিশ জানায়, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি আত্নগোপনে ছিলেন। সে আবু সাঈদ হত্যা মামলার আসামি।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, ইমরান চৌধুরী আকাশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকেও অভিযান চালিয়ে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।



