স্পোর্টস নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের শেষ ব্যাটার হিসেবে যখন মাঠ ছেড়ে বের হচ্ছিলেন আকিল হোসেন, জায়ান্ট স্ক্রিনে তখন বাংলাদেশের জয়ের কথা ভেসে উঠেছে। দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
মিরপুরে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।
ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রান তোলে। জবাবে ৩০.১ ওভারে ১১৭ রানে অলআউট হয় উইন্ডিজরা।
বাংলাদেশি স্পিনার নাসুম আহমেদ সেটি আরও কঠিনতর করে তুললেন। ক্যারিবীয় টপ অর্ডারের তিন ব্যাটারকে তুলে স্বাগতিকদের এনে দিয়েছেন দারুণ শুরু।
পঞ্চম ওভারে প্রথম আঘাত হানেন নাসুম। ক্যারিবীয় ওপেনার অ্যালিক আথানেজকে লেগবিফোর করেন তিনি। ২১ বলে ১৫ আসে আথানেজের ব্যাট থেকে। ১৬ রানে প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা। আরেক ওপেনার ব্র্যান্ডন কিংকে বোল্ড করেন ২৮ রানে। কিংয়ের ব্যাট থেকে আসে ১৭ বলে ১৮ রান। আকিম অগাস্টেকে রানের খাতাই খুলতে দেননি নাসুম। লেগবিফোরের ফাঁদে পড়ে পতন ঘটে তুতীয় উইকেটের। স্কোরবোর্ডে ক্যারিবীয়দের রান তখন ৩৫।
সেই যে ধ্বস নেমেছে সফরকারী শিবিরে, আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। গড়তে পারেনি ন্যূনতম প্রতিরোধ। বাংলাদেশি স্পিনারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছেন ব্যাটাররা। উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। ৮২ রানে অষ্টম উইকেট হারানোর পর মনে হয়েছিল ১০০ রানের আগেই গুটিয়ে যাবে ক্যারিবীয়রা। শেষ পর্যন্ত শতরানের ঘর পার করেছে দলটি। দলটির হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন আকিল হোসেন।
বাংলাদেশের পক্ষে ৬ ওভারে ১১ রানে তিন উইকেট নিয়েছেন নাসুম আহমেদ। ৭.১ মেহেদী হাসান মিরাজ ৩৫ রান খরচায় পান দুই উইকেট। ৮ ওভারে ১৬ রানে তানভীর ইসলামও ঝুলিতে নেন দুই শিকার। ৯ ওভার বল করে এদিন বেশ খরুচে ঝিলেন রিশাদ হোসেন। দেন ৫৪ রান, বিনিময়ে অবশ্য তুলে নিয়েছেন তিন উইকেট।
মিরপুর শেরেবাংলা জাতীয়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান মিলে ভেঙেছেন ২৬ বছরের পুরোনো রেকর্ড।
ঢাকা নিউজ/এস



