ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও পৌর যুবলীগের ক্যাডার অনিককে গ্রেফতার করেছে পুলিশ। তার নামে গফরগাঁওসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
শুক্রবার রাতে শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে গফরগাঁও নিয়ে আসে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার সাথে থাকা অন্য সদস্যরা পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়,গফরগাঁও পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক তাজমুন আহমেদের ঘনিষ্ঠ হিসেবে অনিক এলাকায় দাঙ্গা-হাঙ্গামা ও চাঁদাবাজি করত। অনিক শিলাসী গ্রামের ছমির মিয়ার ছেলে।একাধিক সূত্র জানায়,অনিক আওয়ামী লীগ আমলে তাজমুনের ছত্রছায়ায় গফরগাঁও পৌর শহরে সন্ত্রাসী কর্মকান্ড করত। পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন বলেন, আওয়ামী লীগের সময় পৌর মেয়র ইকবাল হোসেন সুমনের ছত্রছায়ায় থেকে বিএনপি নেতা কর্মীদের বাড়িঘর ভাংচুর,হামলা,কুপিয়ে জখমের ঘটনার অন্যতম নায়ক অনিক। গফরগাঁওয়ের বিশিষ্ট ব্যাবসায়ী ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল ইসলাম ইমনকে ২০২২ সালে কুপিয়ে হত্যা চেষ্টা করে অনিক ও তার বাহিনী। গফরগাঁও থানায় ইমনের দায়ের করা মামলার অন্যতম আসামি অনিক। এছাড়াও অনিকের নামে গফরগাঁও,ভালুকা,ঢাকাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গফরগাঁও থানার তদন্ত ওসি রহিম সরকার জানান, অনিককে গফরগাঁও থানায় মাহবুবুল আলম ইমনের মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।



