নিউজ ডেস্ক : টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত টয়লেটের কূপে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকির জলই এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, কূপের ভেতর জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হতে পারে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা, তাঁর ছেলে নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক এবং গাবরিয়েল নকরেক। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে একটি ছাগল পরিত্যক্ত কূপে পড়ে যায়। সেটি উদ্ধারে প্রথমে গাবরিয়েল নকরেক কূপে নামেন। কিন্তু অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে একে একে আরও তিনজন কূপে প্রবেশ করেন। এরপরও তাদের কোনো সাড়া পাওয়া না গেলে এলাকাবাসী মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়।-
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং চারজনের মরদেহ উদ্ধার করেন। হঠাৎ এই দুর্ঘটনায় টেলকি জলই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, পরিত্যক্ত কূপ ও নিরাপত্তাহীন খোলা গর্তগুলো ঝুঁকির বড় কারণ হয়ে উঠছে।




