লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর : জামালপুরে পণ্যবোঝাই ট্রাক ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) বিকালে শহরের বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী মো. অঙ্কন মিয়া (২০) পৌর এলাকার কাঁচাছড়া টিউবওয়েলপাড় এলাকার মো. হুমায়ুনের পুত্র।
স্থানীয়রা জানায়, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা থেকে পণ্যবোঝাই একটি ট্রাক শহরের বাইপাস সড়কে ঢাকায় যাওয়ার পথে ট্রাকের পেছনে মোটর সাইকেল আরোহী অঙ্কন মিয়া ট্রাকটিকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে ব্যাটারি চালিত অটোরিকশা সামনে চলে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে অঙ্কন মিয়া ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহত অঙ্কন মিয়ার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি (তদন্ত) আনিছুর আশেকিন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।



