ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরাকের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে নরওয়ে। দলের জয়ে জোড়া গোল করেছেন প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা ‘গোলমেশিন’ খ্যাত আর্লিং হলান্ড।
ম্যাচের ২৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে ডেভিড মোলারের দেওয়া ক্রসে পা ছুঁইয়ে গোল করেন হলান্ড। ম্যানচেস্টার সিটি তারকার এই ট্রেডমার্ক গোলের পর ৩৯ মিনিটে লিড হারায় নরওয়ে। বাঁ প্রান্ত থেকে আমির আল আম্মারির ক্রসে লাফিয়ে উঠে হেডে গোল করেন ইরাক স্ট্রাইকার আইমেন হুসেইন।
তবে ফের ব্যবধান বাড়াতে হলান্ডের লেগেছে মাত্র ৪ মিনিট। দৌড়ে আসা হলান্ডের সামনে থেকে বল ‘ক্লিয়ার’ করতে গিয়ে ভুল করেন ইরাকের গোলকিপার জালাল হাসান। তাঁর ফিরিয়ে দেওয়া বল হলান্ডের পায়ে লেগে জালে জড়ায়।
বিরতির পর এই ব্যবধান ৩–১ করেন লিও স্কিরি অস্টিগার্ড। এরপর ম্যাচের শেষ মুহূর্তে আইমেন
হুসেইনের আত্মঘাতী গোলে ৪–১ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে। সব মিলিয়ে দারুণ এক জয়ে মিশন শুরু করল বিশ্বকাপের অন্যতম আলোচিত ‘ডার্ক হর্স’ নরওয়ে।




