নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : মেঘনা নদীর তীব্র জোয়ার ও ভারী বৃষ্টিতে লক্ষ্মীপুরের রামগতির বয়ার চর থেকে তেগাছিয়া বাজার পর্যন্ত প্রধান সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। একাধিক স্থানে সড়কে ভয়াবহ ধস ও ভাঙন দেখা দেওয়ায় তেগাছিয়া বাজার থেকে টাংকি বাজার হয়ে নোয়াখালীর সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিনের ভারী বৃষ্টি ও মেঘনা নদীতে জোয়ারের পানির চাপ বাড়ার কারণে সড়কের বিভিন্ন অংশে ভাঙন শুরু হয়। পরে বড় একটি অংশ ধসে খাল ও নদীর পানিতে বিলীন হয়ে যায়। এতে সড়কটি দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সড়কের মাঝখানের বড় একটি অংশ ধসে গেছে। দুই পাশের মাটি ও পাকা অংশও পানিতে বিলীন হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
পথচারী আবুল কালাম বলেন, সড়কটি ভেঙে যাওয়ায় অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতে খুব কষ্ট হচ্ছে। ঝুঁকি নিয়ে এই পথে চলাচল করতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার না করলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।
রামগতি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী স্নেহাল রায় বলেন, পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। উপজেলা পরিষদের ‘পার্টনারশিপস ফর স্ট্রংগার কমিউনিটিজ’ কর্মসূচির মাধ্যমে সড়কটির জন্য দুটি পৃথক বরাদ্দ দেওয়া হয়েছে।
তবে মেঘনা নদীর তীব্র জোয়ারের চাপ ও প্রতিকূল আবহাওয়ার কারণে আপাতত সংস্কারকাজ শুরু করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।
স্নেহাল রায় বলেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সংস্কারকাজ শুরু করে সড়কটি যান চলাচলের উপযোগী করা হবে।
এদিকে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ভাঙনকবলিত স্থানে দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া এবং সাময়িকভাবে সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।




