ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশঢাকায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি কার্যক্রম শুরু

ঢাকায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর তুরাগ দক্ষিণ থানার ৫২ নম্বর ওয়ার্ডের পাকুরিয়া এলাকায় মঙ্গলবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দাওয়াতি কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও তুরাগ দক্ষিণ থানা জামায়াতের আমির অ্যাডভোকেট মাওলানা আবু বকর সিদ্দিক, সাবেক থানা আমির মাহবুব আলম, থানা সেক্রেটারি আহসান হাবিব, সহকারী সেক্রেটারি শফি আলম সজিবসহ স্থানীয় নেতাকর্মীরা।

উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দাওয়াতি কার্যক্রমে অংশ নেওয়া ব্যক্তিদের মানুষের কাছে গিয়ে সুন্দরভাবে ইসলামের কথা তুলে ধরতে হবে। মানুষের কল্যাণে সময় ব্যয় করা গুরুত্বপূর্ণ কাজ বলেও মন্তব্য করেন তিনি।

সেলিম উদ্দিন বলেন, এমন একটি বাংলাদেশ চান, যেখানে ধর্মপ্রাণ, চরিত্রবান ও নিঃস্বার্থ মানুষের হাতে নেতৃত্ব থাকবে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। কেউ কারও ওপর জোর-জবরদস্তি করতে পারবে না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি সম্প্রতি সংসদ ভবন এলাকার কাছে ছিনতাইকারীদের কবলে পড়ে এক শিক্ষিকার মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, স্বামীর সঙ্গে থাকা অবস্থায়ও যদি একজন নারী নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়—এ প্রশ্ন থেকেই যায়।

তিনি আরও বলেন, এমন সমাজ তাঁরা চান না, যেখানে সাধারণ মানুষ ন্যায়বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরবে। বিপদে পড়লে রাষ্ট্র মানুষের পাশে থাকবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে—এমন একটি সমাজ গড়ে তোলার কথা বলেন তিনি।

সেলিম উদ্দিনের ভাষ্য, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য সৎ, চরিত্রবান ও নিঃস্বার্থ নেতৃত্ব প্রয়োজন। এ লক্ষ্যেই জামায়াতে ইসলামীর দাওয়াতি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular