জালাল উদ্দিন মন্ডল নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহ জেলার মধ্যে প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড পেল নান্দাইল উপজেলার ১৩নং চরবেতাগৈর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরভেলামারি গ্রামের ৭৩০টি পরিবার। শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার চরভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশের ২০টি জেলায় একযোগে এই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে নান্দাইলেও এর উদ্বোধন করেন।
নান্দাইল উপজেলার চরভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ড বিতরণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। এসময় তিনি বলেন, “সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতেই সরকারের এই উদ্যোগ। পর্যায়ক্রমে সকল যোগ্য পরিবার এই সুবিধার আওতায় আসবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ।
এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, পৌর বিএনপির সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির এবং ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড পেয়ে চরভেলামারি গ্রামের সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয়রা সরকারের এই সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেন।




