ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে ইতিহাস গড়ে ফিফা র্যাঙ্কিংয়েও সবচেয়ে বড় অগ্রগতি অর্জন করেছে নরওয়ে। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার সুবাদে সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছে ইউরোপের নরডিক দেশটি।
নরওয়ের এই সাফল্যের নেপথ্যে ছিলেন দলটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। টুর্নামেন্টে পাঁচ ম্যাচে সাত গোল করে দলের আক্রমণভাগের নেতৃত্ব দেন তিনি। বিশেষ করে শেষ ষোলোর লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে নরওয়েকে স্মরণীয় জয় এনে দেন হালান্ড।
তবে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে স্বপ্নভঙ্গ হয় নরওয়ের। অতিরিক্ত সময়ে গড়ানো রুদ্ধশ্বাস সেই ম্যাচে জুড বেলিংহামের জোড়া গোলে ২-১ গোলে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড।
যদিও শেষ আট থেকেই বিদায় নিতে হয়েছে, তবু বিশ্বকাপ ইতিহাসে এটিই নরওয়ের সেরা সাফল্য। ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে নতুন ইতিহাস গড়েছে দলটি।




