নিউজ ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আলোচনায় এসেছিলেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। এবার আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগেও একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।
সোমবার (৬ জুলাই) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিপক্ষে লড়াই নিয়ে কথা বলতে গিয়ে হঠাৎই ফিলিস্তিন প্রসঙ্গ তোলেন হাসান। প্রায় চার মিনিট ধরে গাজায় চলমান মানবিক সংকট ও ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে কথা বলেন তিনি। তার বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকরা করতালির মাধ্যমে সমর্থন জানান।
হাসান বলেন, ‘পৃথিবীতে যদি এমন কেউ থাকে, যে ফিলিস্তিনিদের জন্য অনুভব করে না, তাহলে সে মানুষই নয়। সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান যেই হোক না কেন।’-
তিনি বলেন, কোনো প্রাণীর ওপর নির্যাতন হলেও বিশ্বজুড়ে প্রতিবাদ হয়। অথচ হাজার হাজার মানুষের মৃত্যু যেন এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।



