রাজশাহী প্রতিবেদক: ‘শিক্ষার্থীরা যেন অর্জিত জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে নিজেদের বিকশিত করতে পারে এবং দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি বরেন্দ্র কলেজ ভবিষ্যতে এ অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে আরও শক্ত অবস্থান তৈরি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
শনিবার (২০ জুন) সকালে রাজশাহী বরেন্দ্র কলেজ চত্বরে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ‘বরেন্দ্র অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবোধ ধারণ করে শিক্ষার্থীদের আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠা’র আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী।
তিনি বলেন, ‘১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের শহিদ ড. জোহা এবং মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের আত্মত্যাগে সমৃদ্ধ এই মাটির ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।’
বরেন্দ্র কলেজের গভর্নিং বডির সভাপতি তৌফিকুর রহমান লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




