মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে মহা সপ্তমীর পূজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দেবী দুর্গার নবরূপের আরাধনার মধ্য দিয়ে নবপত্রিকা পূজা অনুষ্ঠিত হয়। সে সাথে কলাবউ স্নান করিয়ে দেবী দুর্গার পাশে প্রতিষ্ঠিত করা হয়। এ সময় শঙ্খধ্বনির সাথে ঢাক ঢোল আর কাঁসার তাল আর উলুধ্বনিতে প্রতিটি পূজা মণ্ডপ মুখরিত হয়ে ওঠে।
এদিকে মহা সপ্তমী উপলক্ষে ভক্তবৃন্দরা উপবাস রেখে দেবীর চরণে অঞ্জলি প্রদান করেন। এ সময় তারা অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির উদয়সহ দেশ, জাতি ও সমগ্র বিশ্বের কল্যাণ কামনায় প্রার্থনা করেন।
প্রসঙ্গত, এবছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় ৫৮০ টি মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। বৃহৎ উৎসবকে আনন্দঘন ও নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পাশাপাশি আনসার, র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।



