ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকযৌন নিপীড়ন মামলায় ট্রাম্পের অর্থ ছাড়

যৌন নিপীড়ন মামলায় ট্রাম্পের অর্থ ছাড়

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা যৌন নিপীড়ন ও মানহানির মামলায় লেখক ই. জিন ক্যারল (E. Jean Carroll) অবশেষে আদালতের রায়ে নির্ধারিত প্রায় ৫৬ লাখ ২৫ হাজার মার্কিন ডলার (৫.৬২৫ মিলিয়ন ডলার) ক্ষতিপূরণের অর্থ পেয়েছেন।

দীর্ঘ আইনি লড়াই এবং একাধিক আপিলের কারণে প্রায় তিন বছর বিলম্বের পর আদালতের নির্দেশে তার কাছে অর্থটি হস্তান্তর করা হয়েছে।

আদালতের নথি ও ক্যারলের আইনজীবীর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে নিউইয়র্কের একটি ফেডারেল জুরি ট্রাম্পকে যৌন নিপীড়ন ও মানহানির অভিযোগে দেওয়ানি মামলায় দায়ী সাব্যস্ত করে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়।

পরবর্তীতে মামলার ওপর সুদ যুক্ত হওয়ায় মোট অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫.৬২৫ মিলিয়ন ডলার। এই অর্থ এতদিন আদালত-নিয়ন্ত্রিত এসক্রো হিসাবে সংরক্ষিত ছিল।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আপিল গ্রহণ করতে অস্বীকৃতি জানালে রায় কার্যকর হওয়ার পথ সুগম হয়। এরপর ফেডারেল বিচারক আদালতের নিয়ন্ত্রণে থাকা অর্থ ক্যারলের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। ট্রাম্পের আইনজীবীরা অর্থ ছাড়ে বিলম্বের চেষ্টা করলেও আদালত সেই আবেদন নাকচ করে দেয়।

ক্যারলের প্রধান আইনজীবী রবার্টা ক্যাপলান এক বিবৃতিতে জানান, আদালতের রায়ে নির্ধারিত ক্ষতিপূরণের অর্থ তার মক্কেল গ্রহণ করেছেন। পরে ক্যারল সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রকাশনা সাবস্ট্যাকে সংক্ষিপ্ত বার্তায় লেখেন, “The eagle has landed,” অর্থাৎ প্রতীক্ষিত অর্থ তিনি হাতে পেয়েছেন।

মামলার সূত্রপাত ২০১৯ সালে, যখন সাবেক ম্যাগাজিন কলামিস্ট ই. জিন ক্যারল তার স্মৃতিকথায় অভিযোগ করেন, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে নিউইয়র্কের একটি ডিপার্টমেন্ট স্টোরে ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেছিলেন। ট্রাম্প শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তবে ২০২৩ সালের জুরি রায়ে তাকে যৌন নিপীড়ন ও মানহানির জন্য দায়ী করা হয়।

তবে এই আইনি লড়াই এখানেই শেষ হচ্ছে না। ট্রাম্প এখনও ২০২৪ সালে ক্যারলের পক্ষে দেওয়া ৮৩.৩ মিলিয়ন ডলারের পৃথক মানহানি মামলার রায়ের বিরুদ্ধে আইনি আপিল চালিয়ে যাচ্ছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular