ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের নিয়ম ব্রিফ করেন সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের নিয়ম ব্রিফ করেন সিইসি

নিউজ ডেস্ক:  সাংবিধানিক নিয়ম রক্ষায় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। দীর্ঘ ৩৫ বছর পর এবার সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করছেন। বর্তমানে সংসদের অধিবেশন না থাকায় বৃহস্পতিবার দুপুরে সংসদ সদস্যদের বৈঠক ডাকার মাধ্যমে ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বৈঠকে সভাপতি ও নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরুর আগে তিনি ভোটদানের নিয়ম তুলে ধরেন।

সিইসি জানান, সংবিধানের অনুচ্ছেদ ৪৮(১) অনুযায়ী সংসদ সদস্যরা ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করছেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১-এর বিধান অনুযায়ী, প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী। এই আইনের ধারা ৯ অনুযায়ী, বাংলা বর্ণমালার আদ্যক্ষর মেনে প্রার্থীদের নাম ঘোষণা করেন সিইসি।

অদ্যক্ষর মেনে সিইসি প্রথমে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী অলি আহমদের (বীরবিক্রম) নাম ঘোষণা করেন। সদস্য না হওয়ায় তিনি সংসদে উপস্থিত ছিলেন না। এরপর দ্বিতীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীমের নাম ঘোষণা করা হয়। এ সময় বিএনপির সংসদ সদস্যরা টেবিল চাপড়ে উৎসাহ দেন।

নাম ঘোষণার পর নির্বাচন কমিশনের সহায়ক কর্মকর্তারা এমপিদের কাছে ব্যালট পেপার নিয়ে যান। ব্যালট পেপারে ক্রমিক নম্বর, সংসদ সদস্যদের নাম ও বিভক্তি নম্বর উল্লেখ আছে। এর নিচে নির্ধারিত ফাঁকা ঘরে পূর্ণ নাম স্বাক্ষর করে এমপিরা ব্যালট পেপার গ্রহণ করেন।

ব্যালটে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষর অনুসারে মুদ্রিত আছে। সংসদ সদস্যরা পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্ধারিত স্থানে নিজের পূর্ণ নাম (বাংলা অথবা ইংরেজিতে) স্বাক্ষর করে ভোট দিচ্ছেন।

ভোটগ্রহণ শুরু হয় বেলা আড়াইটার দিকে। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির সরাসরি সম্প্রচারে দেখা গেছে, বিশেষ এই বৈঠকে স্পিকারের জন্য নির্ধারিত আসনটি খালি ছিল। এর সামনের আসনগুলোতে বসে নির্বাচন পরিচালনা করছেন সিইসিসহ অন্য কর্মকর্তারা। স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের জন্য সংসদের ভেতর আলাদা একটি আসন তৈরি করা হয়েছে। সেখানে বসে তিনিসহ ডেপুটি স্পিকার কায়সার কামাল ব্যালটে স্বাক্ষর করেন।

একই সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ব্যালট পেপার নিয়ে যান ইসির কর্মকর্তারা। পাশের আসনে বসে ছিলেন রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানকেও নিজ আসনে বসে ব্যালটে স্বাক্ষর করতে দেখা যায়।

সংসদ সদস্যদের আসনের সামনের ফাঁকা জায়গায় মোট তিনটি ব্যালট বাক্স রাখা আছে। স্পিকার ও ডেপুটি স্পিকার পর্যায়ক্রমে সেখানে প্রথম ও দ্বিতীয় ভোটার হিসেবে ব্যালট পেপার জমা দেন। ভোটদান শেষে স্পিকার হাফিজ উদ্দিন সংসদ সদস্যদের উদ্দেশে হাত নাড়েন। এরপর ভোট দিতে ব্যালট বাক্সের কাছে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম ভোটদানের পর বিএনপির সংসদ সদস্যরা টেবিলে হাত চাপড়ে সমর্থন দেন।

ভোটদান শেষে মির্জা ফখরুল ইসলাম বিরোধী দলীয় সংসদ সদস্যদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন। শফিকুর রহমানের সঙ্গে করমর্দনের সময় দুজনকেই বাক্য বিনিময় ও হাসতে দেখা যায়।

বিকেল পাঁচটা পর্যন্ত সংসদের ৩৪৯ জন সদস্য ভোট দেবেন। এর পর গণনা করা হবে। সিইসি জানিয়েছেন, বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এরপর সরকারি গেজেটে ফলাফল প্রকাশ করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular