ক্রীড়া ডেস্ক: কয়েক দিন আগেই ঘোষণা করা হয়েছে বালঁ দ্য-র পুরস্কারের নমিনেশনের তালিকা। সেখানে নাম ছিল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এই নিয়ে টানা চার বার তাঁর নাম তালিকায় রইল না।
নিজেকে ফের এক বার প্রমাণ করলেন ৪১ বছরের রোনাল্ডো। বুধবার রাতে তিনি পৌঁছে গিয়েছেন ৯৭৯তম গোলে। ফলে হাজার গোলের মাইলফলক থেকে তিনি দাঁড়িয়ে মাত্র ২১ ধাপ দূরে।
রোনাল্ডোর কীর্তির পাশাপাশি সৌদি প্রো লিগে জয় পেয়েছে আল নাসেরও। প্রতিপক্ষ আভাকে ২-১ হারিয়েছে আল নাসের। ২২ মিনিটে অ্যাঞ্জেলোর ইনসুইং কর্নার থেকে দুরন্ত হেড করেন রোনাল্ডো। ৫৮ মিনিটে ২-০ করেন আবদুল্লা আল-হামদান। ৭৫ মিনিটে ব্যবধান কমান নাবিল ফেকির।
তবে যাবতীয় চর্চার কেন্দ্র ছিলেন রোনাল্ডোই। চলতি সৌদি প্রো লিগে রোনাল্ডোর এটি তৃতীয় গোল। আল নাসেরের হয়ে করলেন ১৩২তম গোল। জয়ের ফলে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল আল নাসের।
এই গোলের ফলে ১৩৩৪ ম্যাচে রোনাল্ডোর গোলসংখ্যা ৯৭৯। তাঁর দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বী লিয়োনেল মেসির ঝুলিতে রয়েছে ৯২৭ গোল।




