গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পৌর এলাকার জামতলা মোড়ে উপজেলা বিএনপি,পাগলা থানা,পৌরসভা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক গফরগাঁও (ময়মনসিংহ-১০)এর মনোনয়ন প্রত্যাশী ডা. মোফাখখারুল ইসলাম রানা।জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় ডা.রানা বলেন,মাদক, জুয়া ও চাঁদাবাজদের ঠাঁই গফরগাঁওয়ের মাটিতে হবেনা। সন্ত্রাস,দুর্নীতিমুক্ত একটি আধুনিক জনপদ হিসেবে হিসেবে গফরগাঁওকে গড়ে তুলব। আধুনিক স্বাস্থ্যসেবার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০০ শয্যায় উন্নীতকরণ,কর্মমুখী শিক্ষা,জ্ঞান-বিজ্ঞান,রেলপথের উন্নয়ন,সড়ক যাতায়াত ও কৃষির আধুনিকায়ন,কর্মসংস্থানসহ সুখী সমৃদ্ধ গফরগাঁও উপহার দিতে চাই।
স্বৈরাচার আওয়ামী লীগের শাসন আমলের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরো বলেন, আজকের এই সমাবেশ স্থল জামতলা মোড়ে পৌর ছাত্রদলের সেক্রেটারী ইবনে আজাদ কমলকে দিনে-দিপুরে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। এছাড়াও যুবদল নেতা শাকিলকে ট্রেন থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করেছে বাবেলর পেটুয়া বাহিনী।যারা হত্যার সাথে জড়িত সেসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার করা হবে। বিগত দিনে যেসকল আ.লীগ বিএনপি নেতাকর্মীদের বাড়ি-ঘর পুড়িয়ে দিয়েছে,জান-মালের ক্ষতি করেছে তাদেরকেও আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। এর আগে বিকাল ৩টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল আসতে থাকে। এক পর্যায়ে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে আশপাশের এলাকা লোকারণ্য হয়ে পড়ে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ শেখ,বিএনপির নেতা আজহারুল হক,জেলা যুবদলের যুগ্ন সম্পাদক আব্দুল আজিজ সাদেক,উপজেলা ছাত্র দলের আহবায়ক মোক্তার হোসেন, পাগলা থানা ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজ,মৎস্যজীবি দলের সদস্য সচিব সর্দার সাকিব প্রমুখ।



