ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশরংপুরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রংপুর মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে নগরীর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রংপুর মহানগরের সাধারণ সম্পাদক আরজানা বেগম।

প্রধান অতিথির বক্তব্যে সামসুজ্জামান সামু বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নারীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী মহিলা দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। প্রতিটি ওয়ার্ডে মহিলা দলের কার্যকর ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে আরজানা বেগম বলেন, জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় রাজপথে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। সংগঠনের প্রতিটি পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় বক্তারা জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে নারী নেতা-কর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তাঁরা নারী সমাজকে সংগঠিত করা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক অগ্রগতিতে নারীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরে দেশ, জাতি, বিএনপি এবং জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে রংপুর মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular