ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশডেঙ্গু প্রতিরোধে ধানমন্ডিতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে ধানমন্ডিতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

‘যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে’

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : রাজধানীর ধানমন্ডিতে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ডেঙ্গু সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভাপতি মীর শাহে আলম।

শনিবার (১২ সেপ্টেম্বর) ধানমন্ডির ২৭ নম্বর সড়ক ও রাপা প্লাজা এলাকায় তিনি এসব কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পরিচ্ছন্নতা কার্যক্রম, সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল ও আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি সিটি করপোরেশনের কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলে ডেঙ্গু প্রতিরোধে নেওয়া কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

এর আগে তিনি রাজধানীর সেচ ভবনে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মীর শাহে আলম বলেন, ‘যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে।’ শুধু নির্দিষ্ট সময়ে অভিযান পরিচালনা না করে সারা বছর সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমকে ধারাবাহিক সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সরকারি সংস্থার পাশাপাশি ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, বাড়িঘর, নির্মাণাধীন ভবন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি এডিস মশার প্রজননের ঝুঁকি তৈরি করে। তাই ভবন মালিক ও নির্মাতাদের এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।

মীর শাহে আলম জানান, নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীর সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমের পরিধি ও সক্ষমতা বাড়ানোর পদক্ষেপও নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্টদের সতর্ক করার পরও কেউ দায়িত্বে অবহেলা করে এডিস মশার প্রজননের পরিবেশ সৃষ্টি করলে প্রচলিত আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও প্রয়োজনে কারাদণ্ডের মতো ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রতিমন্ত্রী মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular