আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির প্রতিনিধিদের সঙ্গে সম্প্রতি ওমানে বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আল জাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা যায়।
সূত্রগুলো জানায়, ওমানের রাজধানী মাসকাটে অবস্থিত মার্কিন দূতাবাসে গত সপ্তাহের শেষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। তবে এ বিষয়টি আগে প্রকাশ্যে আনা হয়নি। দীর্ঘদিন ধরে আঞ্চলিক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসা ওমান সরকার মুখোমুখি এই বৈঠক আয়োজন করতে সহায়তা করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দুটি সূত্র।
এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, হুতি গোষ্ঠী তার প্রশাসনের সঙ্গে ফোনে যোগাযোগ করে ইয়েমেনের যুদ্ধে যুক্তরাষ্ট্রকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।
পরে দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সোমবার বলেন, যুক্তরাষ্ট্র হুতির সঙ্গে সরাসরি যোগাযোগ করছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এদিকে হুতি ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। একটি টেলিভিশন সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। নিউজম্যাক্স টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে হাকাবি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও হুতির মধ্যে এখনও যুদ্ধবিরতি বজায় রয়েছে। এটি একটি ভালো বিষয়। আমরা নিশ্চিতভাবে যা দেখছি তা হলো- সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে ছোটখাটো সংঘাত বা সংঘর্ষ হচ্ছে, তবে এটি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েনি। এটিই ভালো খবর।’




